
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, টানা এক সপ্তাহ ধরে উত্থানের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। ডিসেম্বরে ফেডারেল সুদের হার কমানো নিয়ে রিজার্ভ কর্মকর্তাদের কড়াকড়ি মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। এতে স্বর্ণের উত্থানে কিছু ভাটা পড়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা ৪৪ মিনিটে (গ্রিনিজ টাইম) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১৬৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে দাম ৪ হাজার ২১১ দশমিক ০৬ ডলারে উঠেছিল। তবে সপ্তাহিক হিসাবে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে।
একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ১৭০ দশমিক ১০ ডলারে লেনদেন হয়েছে।
এরআগে গত সোমবার স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে একদিন পরই মঙ্গলবার স্বর্ণের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৩০ দশমিক ৪০ ডলারে নেমে আসে।
বিশেষজ্ঞরা বলছেন, ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় মার্কিন ডলার দুর্বল হওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয়, বিনিয়োগকারীদের শক্তিশালী চাহিদা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমানোর প্রত্যাশায় বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝুঁকছেন।
অ্যাক্টিভট্রেডস বিশ্লেষক রিকার্ডো ইভাঞ্জেলিস্তা বলেন, ‘শাটডউন শেষে সরকারি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার পরও নতুন অর্থনৈতিক তথ্যের অভাবে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর বিষয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তায় ভুগছেন বিনিয়োগকারীরা। এতে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি কিছুটা সীমিত হয়ে গেছে।’
মূলত, সুদের হার কমলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বাড়ে।
চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমালেও, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন—আরও একটি সুদহ্রাস আসবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ অর্থনীতিবিদ পরবর্তী ফেড সভায় আরও ২৫ বেসিস-পয়েন্ট কমতে পারে। এতে আরেক বার স্বর্ণের দাম রেকর্ড করতে পারে বলে আশা করছেন তারা।
এদিকে সোনার দাম কমলেও বেড়েছে রুপার দাম। শুক্রবার ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্পট সিলভার ৫২ দশমিক ৬৮ ডলারে বিক্রি হচ্ছে।
অন্যদিকে শুত্রবার বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রতি ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা আজ থেকে কার্যকর হয়।