নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স এলো ১ দশমিক ১০ বিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:৩২ পিএম

দেশে চলতি নভেম্বর মাসের ১০ দিনে ১ হাজার ১০৯ মিলিয়ন বা ১১০ কোটি মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৩ হাজার ৪২০ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে আসছে ১১০ মিলিয়ন বা ১১ কোটি ডলার। এই প্রবাহ অব্যাহত থাকলে এই মাসে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন- দেশের আজকের স্বর্ণের বাজার

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এ বছরের নভেম্বরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১১০ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ কোটি ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮২ কোটি ডলার।

চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স ছিল ১ হাজার ১২৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে দেশে। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই–২৮ অক্টোবর ২০২৪) রেমিট্যান্স ছিল ৯৭৫ কোটি ডলার। অর্থবছর অনুযায়ী রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার এবং অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার এসেছে।

আরও পড়ুন- বাড়তে পারে ভোজ্যতেলের দাম

প্রসঙ্গত, ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

২০২৩–২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার। ওই অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স ছিল- জুলাইয়ে ১৯১.৩৭ কোটি, আগস্টে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি, অক্টোবরে ২৩৯.৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি ডলার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অর্থনীতি   রেমিট্যান্স   ডলার   টাকা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft