প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১:২৭ পিএম

ঢাকার কদমতলী এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সাজুকে কুপিয়ে ও গুলি করে হত্যার মামলায় আসামি অনিক হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
গতকাল বুধবার (২৯ অক্টোবর) ঢাকার ষষ্ঠ বিশেষ জজ মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ২৩ জানুয়ারি কদমতলীর খোরশেদ আলী সরদার রোডের বুড়ির বাড়ির মসজিদের পাশে ব্যাডমিন্টন খেলার সময় সাজুকে গুলি করে ও কুপিয়ে জখম করে অনিকসহ ৭ থেকে ৮ জন। আহত অবস্থায় সাজুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় সাজুর বাবা সাইদুর রহমান সহিদ পরের দিন কদমতলী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ডিবি পুলিশের (দক্ষিণ) পরিদর্শক সাইফুল ইসলাম ২০১৪ সালের ৩০ ডিসেম্বর অনিককে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন। ২০১৫ সালের ১৫ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
জ/উ