প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ১০:৩৩ এএম আপডেট: ১৯.১০.২০২৫ ৯:২৮ পিএম

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে তালিকায় শীর্ষস্থান অর্জন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই তালিকায় শীর্ষ দশে এবার নতুন করে নাম লিখিয়েছেন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বস প্রকাশিত বার্ষিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ আয়ের ১০ ফুটবলারের নাম সম্প্রতি ঘোষণা করা হয়েছে। ২০২৫-২৬ মৌসুমের জন্য ফোর্বস র্যাংকিংয়ে মাঠের আয়ের অনুমান প্রতিফলিত হয়েছে, যার মধ্যে রয়েছে মূল বেতন, বোনাস এবং ক্লাবভিত্তিক ইমেজ রাইটস চুক্তি।
৪০ বছর বয়সী রোনালদো জুনে সৌদি পেশাদার ক্লাব আল নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। আগামী বছরগুলোতে ট্যাক্স ও এজেন্ট ফি বাদে সব মিলিয়ে রোনালদোর এই চুক্তির পরিমাণ প্রায় ২৮০ মিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি অবসরের বিষয়টি উড়িয়ে দিয়ে পর্তুগিজ এই অধিনায়ক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন- এখনও তার ভালো কিছু দেওয়ার ক্ষমতা আছে। গত মৌসুমে রোনালদো আল নাসরের জার্সিতে ২৩০ মিলিয়ন ডলার আয় করেছেন। সঙ্গে মাঠের বাইরে আরও রয়েছে ৫০ মিলিয়ন ডলারের আয়। বিভিন্ন সামাজিক মাধ্যমে রোনালদো ফলোয়ারের সংখ্যা ১ বিলিয়নেরও ওপরে। এনিয়ে গত এক দশকে ফোর্বস তালিকায় ষষ্ঠবারের মতো তিনি শীর্ষস্থান দখল করলেন।
এই তালিকায় মেজর লিগ সকারের একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন ইন্টার মিয়ামির লিওনেল মেসি। যদিও রোনালদোর আয়ের থেকে তিনি বেশ অনেকটাই পিছিয়ে রয়েছেন।
আর্জেন্টাইন এই অধিনায়ক ২০২৫ সালে ১৩০ মিলিয়ন ডলার আয় করেছেন। এর সঙ্গে মাঠের বাইরে থেকে আয় হয়েছে আরও ৭০ মিলিয়ন ডলার। ৩৮ বছর বয়সী মেসির সঙ্গে বেশ কিছু প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা বাবদ চুক্তি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- এডিডাস, লে’স ও মাস্টারকার্ড। মেসির বিদায়ে বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পাওয়া ১৮ বছর বয়সী ইয়ামাল ফোর্বস ফুটবল তালিকার ২২ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন। স্প্যানিশ জাতীয় দলের এই উইঙ্গার গত মে মাসে বার্সেলোনার সঙ্গে ১০ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন।
জ/উ