প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৭:৩৯ পিএম

এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই পর্বে বাহরাইনকে ৭-০ গালে বিধ্বস্ত করার পর এবার র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
স্থানীয় সময় বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-এর ম্যাচে ২–০ গোলের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশের পক্ষে দুই গোলই আসে ঋতুপর্ণা চাকমার পা থেকে। ম্যাচের ১৮তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে একটি ফ্রি-কিক পায় বাংলাদেশ। ফ্রি–কিক থেকে নেওয়া শট প্রতিপক্ষের ডিফেন্ডারের লেগে ফিরে আসার পর ফিরতি শটে বাঁ পায়ের নিখুঁত প্লেসিংয়ে বল জালে জড়ান ঋতুপর্ণা।
তবে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ বাড়ায় মিয়ানমার। তবে রক্ষণভাগ ও গোলরক্ষক রুপনা চাকমার দৃঢ়তায় জালে বল জড়াতে পারেনি স্বাগতিকরা। ম্যাচের ১১ ও ১২ মিনিটে দুটি নিশ্চিত সুযোগ প্রতিহত করেন গোলরক্ষক রুপনা চাকমা।
৩৫ মিনিটে মিয়ানমার একটি গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এরপর স্বাগতিকরা বেশ কয়েকবার আক্রমণ চালায়, তবে লক্ষ্যে বল রাখতে পারেনি। ৪২ মিনিটে ফ্রি–কিক থেকে একসঙ্গে তিনটি শট নিয়ে গোলের লক্ষ্য ভেদ করতে পারেনি স্বাগতিক দল।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোল পরিশোধের মরিয়া চেষ্টা করে স্বাগতিকরা। তবে শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকারদের নেতৃত্বে বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে প্রতিপক্ষের একের পর এক আক্রমণ প্রতিহত করে।
৭২তম মিনিটে দ্বিতীয়বারের মতো স্টেডিয়াম স্তব্ধ করে দেন ঋতুপর্ণা। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের শট হাওয়ায় ভেসে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে ঢুকে পড়ে, স্কোরলাইন দাঁড়ায় ২–০।
৭৭তম মিনিটে বড় সুযোগ পায় মিয়ানমার। থ্রু পাস থেকে একেবারে একা হয়ে যান মাইয়াত এহিন। কিন্তু দ্রুত বেরিয়ে এসে ঠান্ডা মাথায় বল ঠেকান রুপনা চাকমা। সাফজয়ী এই গোলকিপার দারুণ রিফ্লেক্সে ঝাঁপিয়ে পড়ে বল ধরে ফেলেন।
শেষ মুহূর্তে আক্রমণের চাপ আরও বাড়ায় মিয়ানমার। ৮৮তম মিনিটে ক্রস থেকে পাওয়া বলে উইন উইন নিখুঁত টোকায় গোল করেন। রুপনাকে পরাস্ত করে ব্যবধান কমায় স্বাগতিক দল।
তবে বাকি সময় গোল না হলে ২–১ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই জয়ে বাছাইয়ের গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা এবার নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আরও জোরালো করল।