প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৪:০১ পিএম

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে সহযোগিতা স্থগিত-সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট।
গতকাল বুধবার (২৫শে জুন) বিলটি অনুমোদন দেওয়া হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সংঘাতের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তেহরান।
ইসরায়েলের দাবি, তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে চায়। অন্যদিকে, তেহরানের দাবি, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে। বিলটিকে আইনে পরিণত করতে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে।
এই বিলে বলা হয়েছে, ভবিষ্যতে আইএইএ যদি ইরানের কোনো পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে চায়, সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন নিতে হবে। চলতি সপ্তাহে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি বিলটির সাধারণ কাঠামো অনুমোদন করেছিল।
কমিটির মুখপাত্র জানান, এই বিল কার্যকর হলে ইরানে নজরদারি ক্যামেরা স্থাপন, পরিদর্শক পাঠানো এবং আইএইএ-এর কাছে প্রতিবেদন দাখিল স্থগিত করা হবে।
বিল অনুমোদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আইএইএ।
তবে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানে পরিদর্শকদের আবার পাঠানোর চেষ্টা চলছে, বিশেষ করে ১৩ই জুন ইসরায়েলের হামলার আগপর্যন্ত যেখানে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল। এই বিল আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।