কিয়েভে রাশিয়ার হামলায় মার্কিন নাগরিকসহ নিহত ১৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৮:২০ পিএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক মার্কিন নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও অন্তত ১১৬ জন। 

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

সোমবার দিবাগত রাতে চালানো হয় এ হামলা। এ ছাড়া, দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসাতেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। সেখানেও অন্তত ১৭ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে রয়েছে এক শিশুও।

কিয়েভ মিলিটারি কর্তৃপক্ষের জানিয়েছে, কমপক্ষে ১৭৫টি ড্রোন, ১৪টি ক্রুজ ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় ৯ ঘণ্টা ধরে হামলা চালিয়েছে তারা। মিলিটারি কর্তৃপক্ষের প্রধান তাইমুর তিকাচেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে একটি ৯ তলা ভবনে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বড়সড় একটি গর্ত হয়ে গেছে ভবনটিতে। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ৩০টি অ্যাপার্টমেন্ট।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লাইমেনকো সাংবাদিকদের জানান, রাতভর বিস্ফোরণের বিকট আওয়াজে কেঁপে কেঁপে উঠছিল কিয়েভ। তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২৭টি স্থানে হামলার চিহ্ন পেয়েছি। সেগুলোতে দুই হাজারের বেশি উদ্ধারকর্মী, পুলিশ, সিটি করপোরেশনের কর্মী ও চিকিৎসক কাজ করছেন।’

এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তাদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft