প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৯:৫৫ পিএম

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) ট্রফি জয়ের উৎসব পরিণত হলো বিষাদে। জয়োৎসবের মধ্যে বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ট্রফি জয় উপলক্ষে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল তাতে অংশ নিতে লাখো লোক উপস্থিত হলে বিশৃঙ্খলা বেধে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদদলিত হয়ে উৎসবে অংশ নিতে আসা অনেকে অচেতন হয়ে পড়েন। অনুষ্ঠানস্থলে প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা ছিল অনেক কম। যে কারণে ভিড় সামলাতে নাজেহাল অবস্থা হয় তাদের।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে পুলিশকে আহত ও অচেতন লোকজনকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানান, ভিড় ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে গিয়েছিল। ভিড় বেশি হওয়ায় ক্ষমা চাইছি। আমরা ৫ হাজার জনের জন্য আয়োজন করেছিলাম। বিপুল সংখ্যক তরুণ জড়ো হন, আমরা তাদের ওপর লাঠি ব্যবহার করতে পারি না।
পুলিশ বলছে, মঙ্গলবার রাত থেকেই তারা উদ্যাপনরত জনতাকে নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করেছে। রাতভর তারা নানাভাবে ভিড় যেন নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় এবং যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য কাজ করে গেছে।