দক্ষ যুবসমাজ গড়ে তোলার জন্য কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৩:২৫ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার দক্ষ যুবসমাজ গড়ে তোলার জন্য এবং তাদের অপরিসীম শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য কাজ করছে।

তিনি বলেন, ‘দেশ বদলাও, বিশ্ব বদলাও’  প্রতিপাদ্যে সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন করা হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে সারাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের জন্য যুব ঋণের  সীমা বৃদ্ধি করে সর্বোচ্চ  ২ লাখ টাকা করা হয়েছে। সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণসীমা বাড়িয়ে ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারিত বাজেট বক্তৃতায় তিনি আজ ২০২৫-২৬ অর্থবছরের  প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া সংকটাপন্ন অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে ‘অর্থনীতি ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সংগ্রহ বিষয়ক টাস্কফোর্স’ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ করেছে। যেমন, বৈদেশিক ঋণের পরিমাণ সহনীয় পর্যায়ে রাখা, উন্নয়ন প্রকল্প বাছাইয়ে সতর্কতা অবলম্বন, সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবেলা, ভৌত অবকাঠামো উন্নয়ন, রপ্তানি পণ্যের বৈচিত্র্য, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিবেশবান্ধব শিল্প সম্প্রসারণ ইত্যাদি।

তিনি আরও জানান, দেশের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে প্রকাশিত ‘শ্বেতপত্রে’ পূর্ববর্তী সরকারের দুর্নীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এই সকল সুপারিশ জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘এ বছরের বাজেট প্রণয়নের আগে দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে আমরা যে মূল্যবান পরামর্শ পেয়েছি। তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা তাদের পরামর্শ যথাসম্ভব বাজেটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি।

সূত্র: বাসস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft