প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৯:৩৩ পিএম

রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ হাসপাতালে হেমাটোলজি ও ব্লাড ক্যান্সার সেন্টার চালু করা হয়েছে। ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে সহানুভ‚তির সাথে রোগীর পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবে এই সেন্টারটি চালু করা হয়েছে। ব্লাড ক্যান্সার ও রক্তরোগ সম্পর্কিত রোগীরা সাশ্রয়ী মূল্যে এখান থেকে প্রায় সব ধরণের সেবা পাবেন বলে জানা যায়।
গতকাল মঙ্গলবার দুপুরে মগবাজার চৌরাস্তা সংলগ্ন হাসপাতালের চতুর্থ তলায় আয়োজিত আগামীকাল বুধবার বিশ্ব ব্লাড ক্যান্সার দিবসকে সামনে রেখে এক মত বিনিময় সভায় এই তথ্য জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ওই হাসপাতালের কার্য্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। হাসপাতালের কনসালটেন্ট রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় ক্যান্সার হাসপাতালের গাইনি ক্যান্সার বিভাগের প্রধান প্রফেসর ডা. বেগম রোকেয়া আনোয়ার, রক্তরোগ ও ব্লাড ক্যানাসার বিশেষজ্ঞ ডা. ফেরদৌসী বেগম, ডা. আরিফ উর রহমান, ডা. রিফাত জিয়া হোসেন, ডা, তাসনিম হোসাইন এবং হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, শুরুতে শনাক্ত হলে ব্লাড ক্যান্সার থেকেও আরোগ্য লাভ করা যায়। শিশুদের ব্লাড ক্যান্সার (এ.এল.এল) ৮০ শতাংশ পর্যন্ত আরোগ্য লাভ করে প্রয়োজনীয় যথাযথ চিকিৎসা ও সেবা। বাংলাদেশে ক্রমাগতভাবে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। প্রতি লাখে ১১৪ জন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আগামী ২০৫০ সালের মধ্যে এখনকার চেয়ে দ্বিগুণ মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। ক্যান্সারকে থামাতে এখন থেকে সবাইকে সচেতন হতে হবে। রোগ নির্ণয় করতে হবে। শুরুতে ধরা পড়লে ক্যান্সারের চিকিৎসা সম্ভব বলে জানান তিনি।
ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ইনসাফ বারাকাহ হাসপাতালে দেশের বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞরা চিকিৎসা ও পরামর্শ দেবেন। একই সাথে এই রক্ত রোগ সম্পর্কিত নানা পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।