প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৮:২৬ পিএম

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি স্পষ্টভাবে দাবি করেছেন, ইসরায়েলি শাসনগোষ্ঠী ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করার সামর্থ্য রাখে না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনা এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করার জন্য ইসরায়েলি কর্মকর্তাদের হুমকির পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন।
ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তির অন্যতম রূপকার কেরি বলেন, ‘আমি আশা করি, তিনি (ট্রাম্প) সম্ভাব্য সর্বোত্তম চুক্তিটি করতে পারবেন। আমি খুশি যে প্রেসিডেন্ট এটি করার চেষ্টা করছেন। আমি মনে করি, এটি সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইসরায়েল এককভাবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে অক্ষম উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সম্পূর্ণ নিজের শক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ করার সামর্থ্য ইসরায়েলের নেই। তারা এটি ক্ষতিগ্রস্ত করতে পারে, বড় ধরনের ক্ষতিও করতে পারে। কিন্তু পুরোপুরি ধ্বংস করতে পারবে না।’
কেরি সতর্ক করে দিয়ে বলেন, ‘ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়, তা পুরো অঞ্চলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করবে এবং সকলের জন্যই তা আরও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।’
জন কেরির এসব মন্তব্য এমন সময় এলো, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পঞ্চম দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইতালির রাজধানী রোমে। আগের দফাগুলোর মতোই শুক্রবার (২৩ মে) অনুষ্ঠিত এ আলোচনার নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেন, ‘পঞ্চম দফার ইরান-মার্কিন পরোক্ষ আলোচনা শান্ত ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ দফায় ইরানের নীতিগত অবস্থানগুলো আবারও স্পষ্ট ও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে।’
তিনি আরও জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাধাগুলো কাটিয়ে উঠতে বিভিন্ন সমাধান ও ধারণা প্রস্তাব করেছিলেন, যার রূপরেখা ও মূল বিষয়গুলো এই দফায় পর্যালোচনা করা হয়েছে। বিষয়গুলো উভয় পক্ষের রাজধানীতে আরও পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে এবং ওমানের মন্ত্রী বিস্তারিত প্রস্তাব তৈরি করে উভয়পক্ষকে অবহিত করবেন। পরবর্তী আলোচনার তারিখ ও স্থান পরে নির্ধারণ ও ঘোষণা করা হবে।