রিয়াল ছেড়ে ব্রাজিলে যাচ্ছেন আনচেলত্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১:৫০ পিএম

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের একের পর এক ব্যর্থতার পর কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর সেই গুঞ্জন আরও তীব্র হয়। এবার স্প্যানিশ গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী, ইতালিয়ান এই কোচ নিজেই রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার পরবর্তী সম্ভাব্য গন্তব্য হতে পারে ব্রাজিল জাতীয় ফুটবল দল।

শনিবার রাতে এল ক্লাসিকো ফাইনালে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শিরোপা হাতছাড়া করে রিয়াল মাদ্রিদ। এর আগে আর্সেনালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে যায় গতবারের চ্যাম্পিয়নরা। স্প্যানিশ সুপার কাপেও বার্সেলোনার কাছে হারতে হয়েছে। লা লিগাতেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে থাকায় শিরোপাহীন মৌসুম কাটানোর প্রবল শঙ্কায় রয়েছে মাদ্রিদের ক্লাবটি।

একের পর এক ব্যর্থতায় আনচেলত্তির চাকরি নিয়ে প্রশ্ন উঠলেও, দ্য অ্যাথলেটিকের সাংবাদিক মারিও কর্তেগানা জানিয়েছেন, বরখাস্ত হওয়া নয়, বরং আনচেলত্তি নিজেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। লা লিগার বাকি পাঁচ ম্যাচ শেষ করেই তিনি দায়িত্ব ছাড়বেন বলে জানা গেছে।

কর্তেগানার প্রতিবেদন অনুযায়ী, আনচেলত্তির পরবর্তী গন্তব্য ব্রাজিল। জুন মাসের আন্তর্জাতিক বিরতির আগেই সেলেসাওদের দায়িত্ব নিতে পারেন তিনি। সেক্ষেত্রে আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে দেখা যাবে না এই অভিজ্ঞ কোচকে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) গত দুই বছর ধরেই আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে আগ্রহী ছিল এবং একাধিকবার তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগও করেছে। ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিৎসিও রোমানো জানান, আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ব্রাজিলের একজন দূত মাদ্রিদে এসেছিলেন এবং ম্যাচের পর আনচেলত্তির শিবিরের সঙ্গে যোগাযোগও করেন। কোপা দেল রের ফাইনালের কারণে আলোচনা দীর্ঘায়িত হয়। দিয়েগো ফের্নান্দেস নামের সেই ব্রাজিলীয় ব্যবসায়ী ফাইনালেও উপস্থিত ছিলেন এবং আনচেলত্তির সঙ্গে মিটিংও করেছেন বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক। সেখানেই আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নিতে মৌখিকভাবে সম্মত হয়েছেন।

কর্তেগানা আরও জানান, আনচেলত্তি তার ক্লাব ছাড়ার ইচ্ছার কথা এরই মধ্যে ড্রেসিংরুমের সদস্যদের জানিয়ে দিয়েছেন। সোমবার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা, যেখানে মূলত তার বিদায়ের শর্তাবলী নিয়েই কথা হবে বলে মনে করা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের সঙ্গে তার চুক্তিবদ্ধ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে ব্রাজিল। আনচেলত্তিকে দ্রুত নিয়োগ দিতে ব্যর্থ হলে তাদের বিকল্প হিসেবে সৌদি ক্লাব আল হিলালের কোচ হোর্হে হেসুসের নাম শোনা যাচ্ছে।

আনচেলত্তি চলে গেলে রিয়াল মাদ্রিদকেও নতুন কোচের সন্ধানে নামতে হবে। ক্লাবের সাবেক তারকা এবং বায়ার লেভারকুজেনের বর্তমান কোচ শাবি আলোনসো রয়েছেন পছন্দের শীর্ষে। আলোনসো দ্রুত যোগ দিতে না পারলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্লাবের ফুটবল বিভাগের পরিচালক সান্তিয়াগো সোলারি ক্লাব বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২০১৩ সালে প্রথমবার রিয়ালের কোচ হওয়া আনচেলত্তি দুই মেয়াদে ক্লাবটিকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে সহ মোট ১৫টি শিরোপা জিতিয়েছেন। তার হাত ধরে সম্ভাব্য সব বড় শিরোপাই জিতেছে রিয়াল মাদ্রিদ। এখন দেখার বিষয়, এই বর্ণময় অধ্যায়ের সমাপ্তি কীভাবে ঘটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft