নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৩:০৭ পিএম আপডেট: ১৯.০৭.২০২৬ ৯:০৬ পিএম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিদর্শন করে নির্ভুল আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিদর্শন করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পরিদর্শনকালে তিনি দেশের আবহাওয়া পর্যবেক্ষণ, পূর্বাভাস প্রস্তুত, ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা প্রদান এবং জরুরি আবহাওয়া তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় অধিদপ্তরের কর্মকর্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার, তথ্য সংগ্রহ এবং পূর্বাভাস তৈরির বিভিন্ন ধাপ তুলে ধরেন।

প্রতিরক্ষা উপদেষ্টা ঝড় সতর্কীকরণ কেন্দ্র, পূর্বাভাস বিভাগ, কৃষি আবহাওয়া, জলবায়ু, ভূমিকম্প পর্যবেক্ষণাগার, ওয়ার্কশপ ও গবেষণাগার পরিদর্শন করেন। তিনি দায়িত্ব পালনরত আবহাওয়াবিদ, প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য ভাষায় সতর্কবার্তা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, নির্ভুল আবহাওয়া পূর্বাভাস শুধু বৈজ্ঞানিক তথ্য নয়, এটি মানুষের জীবন রক্ষা, কৃষি উৎপাদন, নদী ও সমুদ্রপথে নিরাপদ চলাচল, খাদ্য নিরাপত্তা এবং জাতীয় অর্থনীতি সুরক্ষার গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আবহাওয়া অধিদপ্তরকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

তিনি পূর্বাভাসের মানোন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের কাছে সতর্কবার্তা আরও সহজবোধ্যভাবে পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আধুনিক আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ ব্যবস্থা এবং মোবাইলভিত্তিক সতর্কবার্তা সেবা সম্প্রসারণের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশনা দেন।

প্রতিরক্ষা উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মানের আবহাওয়া সেবা নিশ্চিত করতে পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্পারসোর চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft