প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু পরীক্ষার জন্য প্রয়োজনীয় রিএজেন্টের পর্যাপ্ত মজুত সরকারের হাতে রয়েছে, যা অতীতে কোনো সরকারের সময় ছিল না। ডেঙ্গু শনাক্তকরণে ব্যবহৃত টেস্ট কিট ইতোমধ্যে মাঠপর্যায়ে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় গুদামেও প্রয়োজনীয় রিএজেন্ট ও কিটের পর্যাপ্ত মজুত রয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ২২ জনের।
তিনি আরও বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ২১০ জন এবং মারা গিয়েছিলেন ৫৮ জন। একইসময় চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৭৮ জন এবং এ সময়ে মৃত্যু হয়েছে ২৮ জন। গত বছরের তুলনায় অর্ধেকের চেয়ে কম।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব উপজেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। প্রয়োজন হলে যেকোনো সময়, যেকোনো পরিমাণ স্যালাইন সরবরাহ করার সক্ষমতাও সরকারের রয়েছে। স্যালাইন বা ডেঙ্গু শনাক্তকরণ কিটের অভাবে কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আইসিইউ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, চিকিৎসক ও নার্সসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। কোনো রোগীর শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে তা মোকাবিলায় ভেন্টিলেটর ও আইসিইউ সুবিধাও প্রস্তুত রাখা হয়েছে। সরকারের লক্ষ্য, চিকিৎসার অভাব বা অবহেলার কারণে যেন কোনো রোগীর মৃত্যু না হয়।
জ/উ