
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গজপুরী এলাকায় বৈধ বালুমহালের বালু পরিবহন বন্ধ করতে ১৬ ফুট প্রশস্ত একটি রেকর্ডীয় সরকারি রাস্তা কেটে আবাদি জমিতে পরিণত করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক্টর জব্দ করে চালককে আটক করেছে পুলিশ।
জানা যায়, রোববার (২৮ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে গজপুরী এলাকার করতোয়া নদী তীর থেকে গজপুরী সড়কের একটি অংশ কেটে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে রাত দেড়টার দিকে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় ব্যবহৃত ট্রাক্টরটি জব্দ করা হয় এবং চালক ইসরাফিলকে থানায় নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, করতোয়া নদীর তেলীপাড়া ঘাট থেকে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ওই সরকারি রাস্তা ব্যবহার করে ট্রাক্টরে বালু পরিবহন হয়ে আসছে। অভিযোগ রয়েছে, সম্প্রতি কয়েকজন ব্যক্তি বালু পরিবহন বন্ধ করতে প্রথমে কোঁদাল দিয়ে রাস্তা কেটে নিচু করেন। পরে ট্রাক্টর দিয়ে অন্তত ১০ ফুট প্রশস্ত অংশ চাষ করে রাস্তার উচ্চতা পাশের আবাদি জমির সমান করে দেওয়া হয়।
আটক ট্রাক্টরচালক ইসরাফিল জানান, রাতে তাকে বাসা থেকে ডেকে ঘটনাস্থলে নেওয়া হয়। সেখানে প্রায় ৩০ জনকে রাস্তা কাটতে দেখেন। প্রথমে তিনি কাজটি করতে রাজি না হলেও উপস্থিত ব্যক্তিদের আশ্বাসে ট্রাক্টর দিয়ে রাস্তা চাষ দেন। তিনি ঘটনায় আব্দুল হাই, রফিক, আরফানসহ কয়েকজনের নাম উল্লেখ করেন এবং সেখানে ৩০-৩৫ জন লোক উপস্থিত ছিলেন বলে দাবি করেন।
স্থানীয় বাসিন্দা সহিদুল, মজনু ও আনোয়ার হোসেন বলেন, রাস্তা কেটে দেওয়ায় শুধু বালু পরিবহন নয়, কৃষিজমিতে সার, বীজ ও কীটনাশক পরিবহনেও দুর্ভোগ সৃষ্টি হবে।
সোমবার (২৯ জুন) ঘটনাস্থল পরিদর্শন করেন দেবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া। এ সময় স্থানীয় ওমর আলী বলেন, ট্রাক্টর চলাচলে ফসলের ক্ষতি, গবাদিপশুর চলাচলে সমস্যা এবং শিশুদের দুর্ঘটনার ঝুঁকি থাকায় এলাকাবাসী রাস্তা কেটেছেন।
তেলীপাড়া ঘাটের ইজারাদার সরকার ফরিদুল ইসলাম বলেন, প্রায় এক কোটি টাকা ব্যয়ে ঘাট ইজারা নিয়েছেন। কিন্তু বালু পরিবহনে বাধা দেওয়ায় প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার টাকা ক্ষতির মুখে পড়ছেন। তার অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে এ বাধা সৃষ্টি করছেন।
রাস্তা কাটার ঘটনায় স্থানীয় মণ্ডল, আমজাদ, বাহাদুর, সুরুজ, মোতালেব ও আব্দুল হাইয়ের নাম অভিযোগে উঠে এসেছে। তবে সংশ্লিষ্টদের দাবি, রাজনৈতিক কারণে নয়, বরং এলাকার স্বার্থেই তারা এ উদ্যোগ নিয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া বলেন, "সরকারি রাস্তা কেটে ব্যক্তিগত জমিতে পরিণত করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। আপাতত রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে ভূমি অপরাধ প্রতিকার আইনে নিয়মিত মামলা করা হবে। পাশাপাশি উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।"
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, আটক ট্রাক্টরচালককে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
জ/দি