যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারপাত, ৫৭০০-র বেশি ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৩ এএম

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা এক শক্তিশালী তুষারঝড় এবং রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। সোমবারের (২৩ ফেব্রুয়ারি) এই দুর্যোগে এ পর্যন্ত পাঁচ হাজার ৭০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এমনকি নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কেও ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে যাতায়াত ব্যবস্থা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। 

পূর্ব উপকূলজুড়ে প্রায় ৬ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যার মধ্যে নিউজার্সি এবং ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তুষারপাতের তীব্রতা এতই বেশি ছিল যে রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সে ৩৬ ইঞ্চি তুষার জমে ১৯৭৮ সালের আগের রেকর্ড ভেঙে গেছে। এই পরিস্থিতিকে আবহাওয়াবিদরা ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন। নিরাপত্তার স্বার্থে রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

আরও পড়ুন : মার্কিন দূতের সরকারি দফতরে প্রবেশাধিকার সীমিত করছে ফ্রান্স

ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি নাগরিকদের সতর্ক করে বলেছেন, হোয়াইটআউট বা প্রবল তুষারঝড়ের কারণে রাস্তাঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, তাই সবার ঘরে থাকা উচিত।

আকাশপথের যোগাযোগে এই ঝড় নজিরবিহীন বিপর্যয় ডেকে এনেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের ৯৮ শতাংশ এবং জেএফকে বিমানবন্দরের ৯১ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। 

এছাড়া বোস্টন এবং ফিলাডেলফিয়াতেও প্রায় ৮০ থেকে ৯২ শতাংশ ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) আরও ২ হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: বিবিসি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft