গোপালগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক আ. লীগ নেত্রী সুবর্না ঠাকুর
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:৩২ পিএম আপডেট: ২০.০৪.২০২৬ ৯:৪২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ৩৬ জনের ওই তালিকায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জেলার সর্বত্র শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হঠাৎ করে তিনি সংসদের সংরক্ষিত আসনে বিএনপির হয়ে মনোনয়ন চাওয়ায় এবং বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পক্ষ থেকে তার নাম তালিকাভুক্ত করে প্রকাশ করায় রাজনৈতিক বোদ্ধাদের পাশাপাশি সাধারন মানুষও অবাক হয়েছেন। তিনি যে আওয়ামী লীগের বর্তমান পদ থেকে পদত্যাগ করেছেন তাও নিশ্চিত করে কেউ বলতে পারছেনা।
তিনি কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়ার সময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আবেদন করেন এবং পরে দলীয় সবুজ সংকেত পান বলে জানা গেছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত ৩৬ জনের প্রার্থী তালিকায় সুবর্ণা ঠাকুরের নাম আসার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া শুর হয়েছে।
এদিকে সুবর্ণা ঠাকুরের নাম মনোনয়ন তালিকায় ঠাই পাওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। তবে কেউ মুখ খুলতে রাজী হয়নি।
তবে সুবর্না ঠাকুরের সাথে মোবাইল ফোনে আলাপ করা হলে তিনি এই প্রতিনিধিকে বলেন, আমি আওয়ামী লীগ থেকে আগেই পদত্যাগ করেছি। বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন তালিকায় আমার নাম এসেছে তা আমি টেলিভিশনে দেখতে পেয়েছি। আমি চাই মানুষের জন্য কাজ করতে। সবাই আমার জন্য দোয়া করবেন।