ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের তাঁতীবাড়ী এলাকায় কাভার্ডভ্যানের চাপায় ভ্যানচালক সহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন একজন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে একটি ভ্যানযোগে কয়েকজন যাত্রী ভাঙ্গাব্রিজ এলাকা থেকে মস্তফাপুরের উদ্দেশে রওনা দেন। এ সময় তাঁতীবাড়ী এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ এক যাত্রী নিহত হন। এ ঘটনায় দুজন গুরুতর আহত হলে তাদের চিকিৎসার জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, তাৎক্ষনিকভাবে নিহত বা আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।