প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১:২৮ পিএম

আজ থেকে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা দিয়েছেন সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। ৩ দফা দাবি আদায়ে লাগাতার কর্মসূচি দিয়েছেন তারা।
বুধবার (৩ ডিসেম্বর) শেরপুরসহ কিছু জেলায় বার্ষিক পরীক্ষা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তবে এর মাঝেও ভিন্ন চিত্র দেখা গেছে অনেক স্থানে। কর্মবিরতি শিথিল করে পরীক্ষা নিচ্ছেন বরিশাল, কুড়িগ্রামসহ কয়েক জেলার শিক্ষকরা।
প্রসঙ্গত, তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে রয়েছেন। তবে, খাতা-কলমে কর্মবিরতি পালন করা হলেও, বিদ্যালয়গুলোতে নিয়মমাফিক বার্ষিক পরীক্ষা নেয়া হয় বলে জানা গেছে।
এদিকে, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিকের সহকারি শিক্ষকরা। আজ থেকে সেসব স্কুলে পুনরায় পরীক্ষা শুরুর কথা রয়েছে।
তবে, মঙ্গলবার রাতে হঠাৎ ঘোষণা আসায় সব শিক্ষার্থীকে বিষয়টি জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফলে অনেক স্কুলেই পরীক্ষা হচ্ছে না। আগামীকাল সেসব স্কুলে পরীক্ষা নেয়া শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা, বেতন-ভাতা সংক্রান্ত বিষয়াদি'সহ ৪ দফা দাবিতে ১ ডিসেম্বর থেকে কর্মবিরতিতে ছিলেন সরকারি মাধ্যমিকের সহকারি শিক্ষকরা। প্রায় সব স্কুলে বার্ষিক পরীক্ষা চলমান থাকায় কর্মসূচি স্থগিত করা হয়।
জ/উ