প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:২৮ পিএম আপডেট: ১০.১১.২০২৫ ১০:৩২ পিএম

দিল্লির লালকেল্লার কাছে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় একটি গাড়িতে এই উচ্চক্ষমতার বিস্ফোরণ ঘটে। এরপর আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। হতাহতের বিষয়টি লোকনায়ক জয়প্রকাশ হাসপাতাল নিশ্চিত করেছে। যেখানে আহতদের চিকিৎসা চলছে।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় আমরা ফোন পাই। প্রায় ২০টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে, যা সাধারণত বছরজুড়েই পর্যটকে ভরপুর থাকে। বিস্ফোরণের ধরন এখনো জানা যায়নি। ফরেনসিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের দল ঘটনাস্থলে পৌঁছাচ্ছে বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য।
লালকেল্লা পুরোনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং এটি রাজধানীর অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক পর্যটনকেন্দ্র।