প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম আপডেট: ২২.০৯.২০২৫ ৪:৫০ পিএম

গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না নামের এক হাজতীর মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের আলহাজ্ব মমতাজ উদ্দিনের পুত্র। গাইবান্ধা শহরের মুন্সিপাড়া এলাকার বাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন।
গাইবান্ধা কারাগারের জেল সুপার আতিকুর রহমান জানান, গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় তাঁকে আটক করা হয়েছিল। চলতি মাসের ২ তারিখে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ওই মামলায় তিনি জামিনে মুক্তি পান। কিন্তু জেলগেটে আরও একটি মামলায় পুলিশ আটক দেখিয়ে জেল হাজতে পাঠিয়ে দেয়।
রোববার রাত ১২:১৫ টায় তিনি কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
তবে তার পরিবারের লোকজন বলেন, দীর্ঘদিন তার সাথে কারাগারে কাউকে যোগাযোগ করতে দেয়া হয়নি। তাকে কৌশলে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেন।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) জানান, হাজতি আবু বক্কর সিদ্দিক মুন্নাকে মৃত অবস্থায় রাত্রি ১২ টা ২৫ মিনিটে গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তার লাশ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
জ/দি