বিক্ষোভ মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২:৫৩ পিএম

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, ভারতের কংগ্রেস দলের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়। এসময় তার বোন ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে আটক করে পুলিশ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) সকালে দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ রাস্তায় গড়ালে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের জ্যেষ্ঠ কয়েকজন এমপিকে আটক করে পুলিশ।

পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, রাস্তায় রাজনীতিবিদ ও বিপুলসংখ্যক দলীয় কর্মীর ভিড়। কেউ রাস্তায় বসে আছেন, কেউ পতাকা ও ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন। অনেকে পুলিশ ও তাদের ব্যারিকেডের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন।

কংগ্রেসের ‘ইন্ডিয়া’ জোট আজ দিনের শুরুতেই নির্বাচন কমিশনের দপ্তরে মিছিল নিয়ে যায়। ভবনটি ভারতের পার্লামেন্টে ভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে। পুলিশ পার্লামেন্টের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে কিছু বিক্ষুব্ধ বিক্ষোভকারী এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি ও নির্বাচন কমিশন যোগসাজশ করে ভোটার তালিকা কারসাজি এবং ভোট জালিয়াতি করছে।

এ অভিযোগের সূত্রপাত গত বছরের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সময়। বিরোধী জোট—কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে) ও এনসিপির (শারদ পাওয়ার) দাবি, নির্বাচন কমিশন ভোটার তালিকা বদলে বিজেপির জয় নিশ্চিত করেছে। তাঁরা উল্লেখ করেছেন, রাজ্যের কেন্দ্রীয় নির্বাচনের মাত্র ছয় মাস পর হঠাৎ অস্বাভাবিকভাবে নতুন ভোটার সংখ্যা বেড়ে যাওয়া বড় অসংগতি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft