ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ২:০৬ পিএম

ইয়েমেন উপকূলে আফ্রিকান শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৭৪ জন। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে আরব সাগরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

ইয়েমেনে আইওএমর প্রধান আবদুসাত্তোর এসোয়েভ সংবাদ সংস্থা এপিকে জানান, নৌকাটি আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। এতে ১৫৪ জন ইথিওপিয়ার নাগরিক ছিলেন। 

আবদুসাত্তোর বলেন, ‘মাত্র ১২ জন বেঁচে ফিরেছেন। ৫৪ জনের মরদেহ খানফার জেলার উপকূলে ভেসে এসেছে এবং ১৪ জনের মরদেহ অন্য একটি স্থানে পাওয়া গেছে। এসব মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।’

জাঞ্জিবারের স্বাস্থ্য কার্যালয়ের পরিচালক আবদুল কাদের বাজামিল জানান, মৃতদের শাকরা শহরের কাছে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানান তিনি।

অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীরা ইয়েমেন এবং হর্ন অব আফ্রিকার দেশগুলোর মধ্যে নৌপথ ব্যবহার করে থাকেন। যদিও এটি অত্যন্ত বিপজ্জনক পথ হিসেবে পরিচিত। প্রতি বছরই ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রায় প্রাণ হারান বহু মানুষ। অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft