সততা, পরিশ্রম আর স্বপ্ন জাতির ভবিষ্যৎ রচনা করে: আইজিপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:৩০ পিএম

আজ শনিবার (২৬ জুলাই) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যবৃন্দের কৃতি সন্তানদের ‌‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম বলেছেন, সততা, পরিশ্রম আর স্বপ্ন জাতির ভবিষ্যৎ রচনা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (এইচআরএম) আবু নাছের মো. খালেদ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) শামীমা পারভীন। কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহাজাদা মো. আসাদুজ্জামান এবং ডিএমপির কনস্টেবল মো. হযরত আলী।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী মো. নওরোজ ইসলাম যুবরাজ এবং এইচএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থী ইয়ানা আঞ্জুম বক্তব্য রাখেন।

মেধাবী সন্তানদের উদ্দেশে বাহারুল আলম বলেন, জীবন সবসময় সোজা পথে চলে না, কখনও সাফল্য, কখনও ব্যর্থতা এ দুই জীবনের প্রকৃত রূপ। ব্যর্থতা এলে তোমরা কখনও ভেঙে পড়বে না বরং তা থেকে শিক্ষা নিয়ে আরও দৃঢ় চিত্তে এগিয়ে চলবে। মনে রাখবে, তোমাদের অদম্য মেধা, আকাশছোঁয়ার স্বপ্ন, পাহাড় সমান দৃঢ়তা একদিন পৌঁছে দিবে সাফল্যের সর্বোচ্চ শিখরে যেখানে পুরো পৃথিবী তাকাবে অবাক বিস্ময়ে।

তিনি আরও বলেন, আমি মনে করি, আমাদের সন্তানেরা বড় হবে, তারা আরও কৃতিত্বপূর্ণ কাজ করবে। শুধু পড়াশোনায় নয়, তারা বাস্তব জীবনে কর্মক্ষেত্রেও সাফল্যের স্বাক্ষর রাখবে। আমাদের দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুযোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে।

আইজিপি বলেন, আমি চাই শিশুরা, তরুণরা হোক আগামী দিনের আদর্শ দেশপ্রেমিক, মানবিক ও কর্মনিষ্ঠ নাগরিক। তারা হোক নৈতিক নেতৃত্বের প্রতীক, হোক সাহস ও সম্ভাবনার আলোকবর্তিকা।

অভিভাবকদের উদ্দেশে আইজিপি বলেন, আপনাদের সন্তানদের সাফল্যের পেছনে আপনাদের অবদান অনস্বীকার্য। দায়িত্বের প্রয়োজনে পরিবারের পুলিশ সদস্যটি অনেক সময় সন্তানদের জন্য যথেষ্ট সময় দিতে পারেন না। তবুও আপনারা সন্তানদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন এটা সত্যিকারের এক বিরল দৃষ্টান্ত বলে আমি মনে করি। আমার বিশ্বাস, বাংলাদেশ পুলিশের এই মেধাবৃত্তি কর্মসূচি কেবল পুরস্কার নয়, এটি একটি দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, পুলিশে চাকরি করে আপনারা আপনাদের সন্তানগুলোকে যেভাবে যত্ন করেছেন, খেয়াল করেছেন, স্কুলে পাঠিয়েছেন এবং তারা কৃতিত্বপূর্ণ ফলাফল লাভ করেছে, এটা আমাদের জন্য গর্বের।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের মেধাবী সন্তানদের আজকের এই স্বীকৃতির মূল উদ্দেশ্য হল তাদেরকে অনুপ্রেরণা দেওয়া, তারা যেন দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে গড়ে তুলতে পারে।

পরে প্রধান অতিথি মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে গত ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft