মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহতদের ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৪:১৫ পিএম

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ কোটি ও আহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ এ আদেশ দেন।

এদিন মাইলস্টোনে মর্মান্তিক এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করেন আইনজীবীরা। জনস্বার্থে রিটটি করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন ও আইনজীবী আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধ বিমান উড্ডয়নের নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়। একইসঙ্গে বিমানবাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত ও রক্ষণাবেক্ষণের কি কার্যক্রম নেয়া হচ্ছে, তা জানতেও নির্দেশনা চাওয়া হয়।

এছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে বলা হয়। পাশাপাশি নিহতদের পরিবারকে পাঁচ কোটি ও আহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয় এ রিটে।

উল্লেখ্য, ২১ জুলাই দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের শিকার হন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft