ভারতের সঙ্গে সম্পর্ক শীতল আমি বলতে চাই না: পররাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৩:৩৯ পিএম

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টালমাটাল অবস্থা। ১০ মাস পেরিয়ে দুই দেশের সেই সম্পর্ক এখন কোন পর্যায়ে রয়েছে, তা জানালেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি জানান, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, সেটির বদলে এখন সম্পর্ক ‘পুনর্বিন্যাসের’ পর্যায়ে রয়েছে। প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক ‘শীতল’ নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।  

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি। 

তৌহিদ হোসেন বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক শীতল আমি বলতে চাই না। আমি বলছি যে, এটা একটা রিঅ্যাডজাস্টমেন্টের (পুনর্বিন্যাস) পর্যায়ে আছে। আমরা এটাকে এভাবে দেখি। এ ব্যাপারে আমাদের স্বদিচ্ছার কোনো অভাব নেই। এটুকু বলে আমি এখানে থামব।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা সত্যটাকে বরং স্বীকার করি যে, পূর্ববর্তী সরকারের সঙ্গে ভারতের যেমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ভারত যেমন সম্পর্ক প্রতিষ্ঠা করেছিল, আমাদের সঙ্গে বর্তমান সম্পর্কটা ঠিক ওই রকম নাই। কাজেই এটাকে আমি রিঅ্যাডজাস্টমেন্ট বলছি।’

রাজনৈতিক, অর্থনৈতিক কিংবা যোগাযোগ– কোন ধরনের সম্পর্ক পুনর্বিন্যাসের পর্যায়ে রয়েছে, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সম্পর্ক তো সবকিছু মিলিয়েই।’

অন্যদিকে মিয়ানমারের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একমাত্র রোহিঙ্গা সমস্যা ছাড়া মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো সংঘাত নাই। রোহিঙ্গা ইস্যুর একমাত্র সমাধান হচ্ছে, তারা দেশে ফিরে যাবে, নিরাপদে থাকবে, স্বাভাবিক জীবন কাটাবে, সেখানে কেউ বাধা দেবে না, অত্যাচার অবিচার করবে না। এটুকু বিশ্ব সম্প্রদায় মোটাদাগে স্বীকার করে।’

তবে সরকার এসব বাস্তবায়ন করতে পারছে না বলে স্বীকার করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নানা চেষ্টা-তদবির চলছে। আগামী দিনগুলোতে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে পারবে বলে আশাপ্রকাশ করেন তৌহিদ হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft