প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ৫:৫৫ পিএম

গতকাল রোববার (৩১ মে) বিকেলে ‘বিজ্ঞান ও সংস্কৃতি’ এবং ‘শিক্ষালোক’-এর আয়োজনে প্রকৃতিপ্রেমী ও বিজ্ঞান লেখক দ্বিজেন শর্মার জন্মদিন উপলক্ষে বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণ-প্রকৃতির হুমকি বিষয়ে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় ঢাকায় সিদীপের মিলনায়তনে।
লেখক সালেহা বেগমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শিক্ষাবিদ অধ্যাপক শহীদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার সাবেক অধ্যাপক ড. আমিন উদ্দিন মৃধা, সমাজচিন্তক শাহজাহান ভুঁইয়া, ডেইলি স্টারের সাহিত্য সম্পাদক কবি ইমরান মাহফুজ, ইউল্যাব শিক্ষক খান মো. রবিউল আলম, শিল্পী শিশির মল্লিক, উন্নয়নকর্মী হাফিজুল ইসলামসহ অনেকে।
শিক্ষাবিদ শহিদুল ইসলাম বলেন, “দ্বিজেন শর্মা ছিলেন প্রকৃতি প্রেমিক, তিনি জানতেন প্রাণ-প্রকৃতির জন্য হুমকি হচ্ছে পুঁজিবাদ।”
কবি ইমরান মাহফুজ বলেন, “নিসর্গপ্রেমী দ্বিজেন শর্মা এক নিঃসঙ্গ মানুষ যার সঙ্গে কেউ ছিলো না, যিনি একা গাছ নিয়ে কাজ করেছেন।”
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন লেখক রিয়াজ মাহমুদ।
অনুষ্ঠানটিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ‘বিজ্ঞান ও সংস্কৃতি’ পত্রিকার সম্পাদক কবি ও লেখক আলমগীর খান এবং সঞ্চালন করেন নির্বাহী সম্পাদক নাজনীন সাথী।
অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সিদীপের নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা।