ভারতে বন্যায় অন্তত ৩০ জন নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১ জুন, ২০২৫, ১২:৩৫ পিএম আপডেট: ০১.০৬.২০২৫ ৩:০৪ পিএম

প্রবল বর্ষণে বিধ্বস্ত উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজ়োরামের মতো রাজ্যগুলোতে গত দুই দিনে শুধু বৃষ্টির কারণেই মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

গতকাল শনিবার আচমকা ধসের কবলে পড়েছিল অরুণাচল প্রদেশের রাস্তা। তাতে চলন্ত গাড়ি ভেসে গিয়েছে। মৃত্যু হয়েছে দুই পরিবারের সাত জনের। উত্তর সিকিমের পরিস্থিতিও ভয়াবহ।

গত কয়েক দিনের বৃষ্টিতে আসামের কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যা নিয়ে সতর্ক স্থানীয় প্রশাসন। আসামের ১২টি জেলায় অন্তত ৬০ হাজার মানুষ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

এছাড়া উত্তর-পূর্বের বিভিন্ন অংশে শুধু শনিবার ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

দফায় দফায় ধস, বৃষ্টি এবং বন্যার কারণে বহু গুরুত্বপূর্ণ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন পর্যটকরাও। আগামী কয়েক দিনের জন্য আসামের বিস্তীর্ণ অংশে কমলা সতর্কতা এবং উত্তর-পূর্বের বাকি অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে অরুণাচল প্রদেশে শনিবার বৃষ্টিতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত জন একটি গাড়িতে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব কামেঙের রাস্তা দিয়ে গাড়িটি যাচ্ছিল। বৃষ্টিতে আচমকা রাস্তাটি ধসে যায়। পানির তোড়ে ভেসে যায় ওই গাড়ি। পাশে গভীর খাদে গিয়ে পড়ে। এ ছাড়াও অরুণাচলের জিলোতে ক্যাবেজ গার্ডেন এলাকা এবং নিকটবর্তী পাইন গ্রোভে ধস নেমেছিল শনিবার। তাতে আরো দু’জনের মৃত্যু হয়েছে।

টানা বৃষ্টির কারণে উত্তর-পূর্বের নদীগুলোর পানির স্তর বাড়ছে। শনিবার গুয়াহাটিতে ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ৬৭ বছরের নজির ভেঙে দিয়েছে এক দিনের বৃষ্টি। শনিবার রাতে সিকিমেও প্রবল বৃষ্টি হয়েছে। দুর্যোগের কারণে উত্তর সিকিমে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft