ইশরাক সমর্থকদের নগর ভবন ‘ব্লকেড’, সেবা কার্যক্রম বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ১:০৯ পিএম আপডেট: ১৯.০৫.২০২৫ ৭:৪৫ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা আজও নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ সোমবার (১৯ মে) বেলা ১১টায় শুরু হয়েছে এ কর্মসূচি, শেষ হবে বিকেল ৩টায়।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব হস্তান্তরে বিলম্বের প্রতিবাদে টানা পাঁচদিন ধরে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।

‘ব্লকেড কর্মসূচি’ পালনের জন্য শত শত নেতাকর্মীরা ‘ঢাকাবাসী’ ব্যানারে আজ সকাল থেকেই নগর ভবনের মূল সড়কে অবস্থান নিয়েছেন। ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘আমাদের দাবি মানতে হবে, ইশরাক ভাইয়ের সংগ্রাম চলবে চলবে’সহ নানান স্লোগানে মুখর গুলিস্তান। অনেকেরই হাতে রয়েছে প্ল্যাকার্ড-ফেস্টুন ও ব্যানার। সেই সঙ্গে নগর ভবনের প্রধান ফটক আটকে ট্রাকের ওপর বাজানো হচ্ছে সাউন্ড সিস্টেম। গতকালের মতো যথারীতি প্রধান ফটকে ঝুলছে তালা। ভবনের প্রতিটি কক্ষও বন্ধ রয়েছে। সে কারণে দক্ষিণ সিটি করপোরেশনের সকল সেবা কার্যক্রম আজও বন্ধ থাকছে। অনেক সেবাপ্রত্যাশী দূরদূরান্ত থেকে এসে আজও ফিরে যাচ্ছেন হতাশা নিয়ে।

এর আগে রোববার (১৮ মে) দুপুরে নগর ভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে সাবেক সচিব মশিউর রহমান নগর ভবন ব্লকেড এই ঘোষণা দেন। গত ১৪ মে থেকে টানা অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের কার্যক্রম স্থবির হয়ে আছে।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এর পরও ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft