জেএমবি নেতা এরশাদের ২০ বছরের কারাদণ্ড
প্রকাশ: মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৩:২৮ পিএম

বিস্ফোরক আইনের এক মামলায় জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চট্টগ্রাম জেলা শাখার সাবেক কমান্ডার এরশাদ হোসাইন ওরফে মামুনকে ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সাজা দেয়া হয়েছে।

মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন। মামলার অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দেন।

খালাস পাওয়া তিনজন হলেন বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদ (২৬), মো. সুজন (২৪) ও মাহাবুবুর রহমান ওরফে খোকন (৩৫)।

আদালত সূত্র জানায়, গোপন বৈঠকের খবর পেয়ে ২০১৫ সালের ২৩ মার্চ নগরের আকবরশাহ থানার এনআর স্টিল মিলের সামনের একটি ভাড়া করা ঘরে অভিযান চালায় পুলিশ। 

এসময় আসামি এরশাদ হোসাইনকে বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় এরশাদের নাম উল্লেখ এবং দুই থেকে তিনজন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করে পুলিশ।

এদিকে ২০১৫ সালের শেষের দিকে নগরের কর্ণফুলী থানা এলাকা থেকে বুলবুল আহমেদ, মো. সুজন ও মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। 

পরে তাদের আকবরশাহ থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

২০১৬ সালের এপ্রিলে আকবরশাহ থানা পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর ২০২০ সালের ২৪ নভেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  এরশাদ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft