প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৭:৪০ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় বহুল প্রতীক্ষিত আউলিয়া ঘাটে ওয়াই আকৃতির সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার বিকালে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের প্রবেশ মুখে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন।
গত বছর এই আউলিয়ার ঘাটে সনাতন ধর্মালম্বীরা বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে মহালয়া উৎসবে যাবার সময় করতোয়ায় নৌকা ডুবির ঘটনা ঘটে। ঐ নৌ দূর্ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়। দীর্ঘ একবছর পর দুর্ঘটনাস্থলে ওয়াই আকৃতির সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হল।
উদ্বোধন শেষে মাড়েয়া মডেল উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভায় রেলপথ মন্ত্রী বলেন, বিভিন্ন প্রক্রিয়ার জন্য সময় লাগছে। তবে সেতুটি ভূমিকম্প সহনশীল ও অত্যাধুনিক ভাবে তৈরি করা হবে। আগামী দেড় বছরের মধ্যে সেতু নির্মাণ শেষ হবে বলে জানান মন্ত্রী।
পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান সুজা, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, মাড়েয়া বামনহাট ইউপি চেয়ারম্যান আবু আনছার রেজাউল করিমসহ স্থানীয় লোকজন।
জানা যায়, আউলিয়া ঘাটের করতোয়া নদীর উপর ১১৬ কোটি ৪৯ লক্ষ ৩৬ হাজার ৫৮৮ টাকা ব্যায়ে ৮৯১ মিটার পিসি গার্ডারের ওয়াই আকৃতির সেতুটি নির্মাণ করা হবে। সেতুটির পশ্চিম প্রান্ত আউলিয়ার ঘাট এবং অপর দুই প্রান্তের এক প্রান্তের এক প্রান্ত বোদেশ্বরী এবং অন্য প্রান্ত চোপরামারি অংশে যুক্ত হবে।