প্রধানমন্ত্রী ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন : পলক
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০২ পিএম

আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হল রুমে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করেছেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ে তুলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম-বর্ণ-গোষ্ঠীর মানুষকে সঙ্গে নিয়ে সোনার বাংলা গড়তে। কিন্তু ৭৫-এর ১৫ আগস্টের পর স্বৈরাচারী শাসকরা বাংলাদেশের ২০ শতাংশ মানুষকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করতে চেষ্টা করেছিলেন। পৃথিবীর অনেক দেশ এখন অসাম্প্রদায়িক প্রগতিশীল চেতনায় বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ৭৫-এর পর থেকে প্রায় দুই দশক আমাদের ধর্মীয় উস্কানি দিয়ে বিভেদ সৃষ্টি করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার অপপ্রয়াস চালানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি চাঁন মোহন হালদার। আলোচনা সভায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক ছাড়াও বক্তব্য রাখেন- পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ইউএনও মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান প্রমুখ।

এর আগে সকালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে সিংড়া উপজেলার শেরকোল বাজার এলাকায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর আরেকটি ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী পলক।

সেই আলোচনা সভায় প্রতিমন্ত্রী পলক বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের মাটিতে অন্যায়, অপরাধ, দুঃশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী সাহসিকতার সাথে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন, তাদের যে রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি সমান অধিকার আছে সেটা প্রতিষ্ঠা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীন বাংলাদেশের মূলমন্ত্র হিসেবে বঙ্গবন্ধু চারটি স্তম্ভকে বেছে নিয়েছিলেন। যেগুলো ছিল- বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তিনি বলেছিলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা মানে ধর্ম যার যার রাষ্ট্র সবার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft