‘জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য এলাকা পর্যবেক্ষণে রাখতে চায় ইইউ’
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৪:৫৮ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম এলাকা পর্যবেক্ষণে রাখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (১০ জুলাই) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইইউর প্রতিনিধিদল। বৈঠক শেষে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, তারা (ইইউ প্রতিনিধিদল) নির্বাচনের আগে ছয় সপ্তাহ পার্বত্য চট্টগ্রাম এলাকা পর্যবেক্ষণে রাখতে চায়। তারা পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় যাওয়ার বিষয়ে বলেছে এবং আমাদের কাছে সহায়তা চেয়েছে। তবে কবে ভিজিট করবে সেটি জানায়নি। আমরা বলেছি তারা আমাদের মেহমান। তাই সব ধরনের প্রশাসনিক সহযোগিতা আমরা করব। তবে তারা সেখানে কী করবে না-করবে, সেটি দেখবে নির্বাচন কমিশন।

আমিনুল ইসলাম বলেন, একজন জানতে চেয়েছিলেন, ২০০৮ সালে তারা যখন এসেছিলেন তখন ব্যাপক সহযোগিতা পেয়েছিলেন এবারও পাবেন কি না? আমরা বলেছি, ২০০৮ সালের চেয়ে এখন আরও বেশি উপভোগ করবেন। কারণ, ২০০৮ সালে যোগাযোগব্যবস্থা ততটা মসৃণ ছিল না।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলার বিষয়ে ইইউ প্রতিনিধিদল জানতে চেয়েছেন। আমরা বলেছি, এটা যেহেতু নির্বাচন কেন্দ্রিক এটি নির্বাচন কমিশন দেখবে। এটার সঙ্গে আমরা সম্পৃক্ত না। আমরা তাদের থাকা, পরিদর্শন করা বা চলাচল করার ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেব। 

এ ছাড়া আমরা আমাদের দিক থেকে তাদের জানিয়েছি, এটা যেহেতু বিশেষ তিনটি জেলা সেখানে কিছু নিরাপত্তার ইস্যু আছে। যদিও এখন পরিবেশ আগের চেয়ে অনেক অনেক ভালো। তারপরও তারা যাতে নিরাপত্তার ইস্যুটি মাথায় রাখে, সেটি বলেছি।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft