প্রকাশ: শুক্রবার, ৯ জুন, ২০২৩, ৮:১৫ পিএম

মৌলভীবাজারের বিশেষ অভিযানে ১৫ হাজার জাল টাকার নোট সহ রকিব আলী নামে একজনকে আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে শহরের এম সাইফুর রহমান রোডের বাটন গ্যালারির দ্বিতীয় তলার শোরুম থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশ মুঠোফোনে খবর পায় যে কেনাকাটা করার সময় জাল টাকা দেয়ায় জনগণ এক ব্যক্তিকে আটক করে রেখেছে।
খবর পেয়ে সদর থানার এসআই কে এম নুর ই আলম ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরনের লুঙ্গির কোছা থেকে ৩০টি জাল ৫০০ টাকা মূল্যের নোট জব্দ করেন।
আটককৃত রকিব আলী মৌলভীবাজার জেলার রাজনগর থানার চাটি মেলাঘর গ্রামের মৃত রইচ আলীর ছেলে।
এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এ(বি) ধারায় আটককৃত রকিব আলীর বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।