‘দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করা হচ্ছে’
প্রকাশ: রোববার, ২১ মে, ২০২৩, ৮:৫১ পিএম

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ২১ ও ২২ মে দুর্নীতি দমন কমিশন-দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার জন্য গাজীপুর সি‌টি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমকে তলব করা হলে তিনি সময়ের আবেদন করেছিলেন।

গত ১৮ মে তার আবেদন গ্রহণ করে তাকে এক মাস সময় দেয়া হলেও রোববার হঠাৎ করেই দুদকে উপস্থিত হন জাহাঙ্গীর।

জিজ্ঞাসাবাদের জন্য দুদক কর্মকর্তাদের সামনে না যেতে হলেও তিনি মুখোমুখি হন গণমাধ্যমের। এ সময় জাহাঙ্গীর দাবি করেন, তিনি নির্দোষ। বিনা কারণে দুদককে ব্যবহার করে তাকে হয়রানি করা হচ্ছে।

জাহাঙ্গীর বলেন, ‘আমি ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে লাখ লাখ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। মেয়রের পদের মেয়াদ পাঁচ বছর, মাত্র তিন বছরের মাথায় ঢাকা থেকে চিঠি দিয়ে অবৈধভাবে আমাকে বরখাস্ত করা হয়েছে। এটা একজন জনপ্রতিনিধির জন্য কতটুকু আইন অনুসরণ করা হয়েছে, সে বিচার আপনাদের।’

তিনি বলেন, ‘সরকার আমাকে দুটি প্রজেক্টে মাত্র ৬০০-৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। কিন্তু দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে সাড়ে সাত হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এটা কী করে সম্ভব? এটা কাল্পনিক, বানোয়াট ও মিথ্যা।’

বরখাস্ত মেয়র বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা চলছে। আমার জন্মদাতা মা মেয়র প্রার্থী, আমি প্রধান সমন্বয়কারী। ২৫ তারিখে ভোট। আজ ও আগামীকাল নির্বাচনের প্রচারণা শেষ দিন। ২১ ও ২২ তারিখ নির্বাচনের প্রচারণা শেষ দিন। এমন সময় দুদক আমাকে ডেকেছে। নির্বাচনের সময় আজ কেন আমাকে আসতে বাধ্য করল। একটি মহল দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করছে। একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও আমাকে হয়রানি করা হচ্ছে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?’

এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে আজ দুদক এসেছি। আমি সময় চেয়ে আবেদন করেছিলাম, কিন্তু আমি জানতে পারিনি, আমাকে সময় দেয়া হয়েছে কি না, সেটা জানতেই আজ আমি এখানে এসেছি।’

সাবেক এই মেয়র আরও বলেন, ‘আমি পলাতক মানুষ নই, বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না। আজ যিনি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে হাইকোর্ট ২১টি বিষয়ে জানতে চেয়ে চিঠি দিয়েছেন। যারা আমেরিকায় অর্থ পাচার করছেন, তাদের দুদক ডাকল না। আমি মেয়র হিসেবে দায়িত্ব পালন করে বিলাসী জীবনযাপন করিনি, সে জন্য হয়রানি করা হচ্ছে।’
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft