নির্বাচনে এগিয়ে এরদোয়ান, তবে....
প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩, ১:২৯ পিএম

নির্বাচনে প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান এগিয়ে রয়েছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার মতো যথেষ্ট ভোট না পাওয়ায় রানঅফ ভোটের দিকে এগিয়ে যাচ্ছে তুরস্ক।
এরদোয়ান বা তার বিরোধীদলীয় প্রতিদ্বন্দ্বী কেমাল কিরিচতারোলু, কেউই রোববার অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় রাউন্ডের ভোট এড়ানোর জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ জনসমর্থন আদায় করতে পারেননি। আগামী ২৮ মে রানঅফ ভোট অনুষ্ঠিত হতে পারে।
এই নির্বাচনকে ২০ বছর ধরে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী পথে এগিয়ে চলা এরদোয়ানের প্রতি জনগণের রায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই রায় তুরস্ককে কে নেতৃত্ব দিবে শুধু সে সিদ্ধান্তই নেবে না, পাশাপাশি দেশটি আরও সেক্যুল্যার, গণতান্ত্রিক পথে প্রত্যাবর্তন করবে কিনা, ব্যয়বহুল জীবনাযাত্রার সংকট কীভাবে সামাল দেবে এবং রাশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক কীভাবে বজায় রাখবে তাও নির্ধারণ করবে।
রানঅফে জয়ী হবেন, এমন প্রত্যয় জানিয়ে কিরিচতারোলু তার সমর্থকদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন। এদোয়ানের পার্টি ভোট গণনা ও ফলাফল ঘোষণায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন তিনি।
কিন্তু এরদোয়ান নির্বাচনপূর্ব জরিপ ও অনুমানগুলোর চেয়ে ভালো ফল করেছেন আর সমর্থদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় আত্মবিশ্বাসী ও লড়াকু মেজাজ নিয়ে হাজির হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
জ/আ