প্রকাশ: শনিবার, ৬ মে, ২০২৩, ৭:১২ পিএম

অনাবৃষ্টি ও অন্যান্য মানবনৃষ্ট কারণে চিম্বুক পাহাড়ের বিভিন্ন পাড়ায় তীব্র পানি সংকটের দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি বান্দরবান এর জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর নজরে আসে। পরে তিনি খবরে উল্লেখিত এলাকাগুলো চিহ্নিত করে সুপেয় পানি বিতরন এর উদ্যোগ নেন।
এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার এবং শুক্রবার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সার্বিক দিকনির্দেশনায় গেৎশিমানী পাড়া, মেনলুং পাড়া ও পাবলা হেডম্যান পাড়ায় জনসাধারনের মাঝে সুপেয় বিশুদ্ধ পানি বিতরন করা হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ মো. আব্দুল্লাহ আল মামুন এসময় উপস্থিত ছিলেন।
তিনি জানান, গত দুই দিনে বারো হাজার লিটার সুপেয় পানি পেয়েছে প্রায় ছয় শতাধিক পরিবার। পানি বিতরনের দ্বিতীয় দিন এম্পু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৯৫ জন কোমলমতি শিক্ষার্থীকেও সুপেয় পানি দেয়া হয়।
এনডিসি (বান্দরবান) আরও জানান, প্রাথমিকভাবে প্রতিকুল পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এসব এলাকায় সুপেয় পানি সরবরাহ এর উদ্যোগটি অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।
বান্দরবান পৌরসভা এর মেয়র (ভাঃ প্রাঃ) সৌরভ দাশ শেখর এই মহতী উদ্যোগটি তে সার্বিক সহযোগিতা করছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, প্রতি বছরই গ্রীষ্মকালে চিম্বুকসহ পাহাড়ের বিভিন্ন পাড়ায় পানির সংকট দেখা দেয়। পরিবেশবাদীরা বলছেন, পাহাড়ে সুপেয় পানির এই সংকট নিরসন করতে হলে একটি সমন্বিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ জরুরি।