প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৯:০০ পিএম

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের জেলে এইচআইভি বিস্ফোরণ! এক নারী সহ ৪৪ বন্দি এইডস রোগে সংক্রমিত হয়েছেন বলে জেল প্রাশাসন সূত্রে জানা গেছে।
হলদওয়ানি জেলে একসঙ্গে এত বন্দি এইচআইভি ভাইরাসে সংক্রমিত হওয়ায় ঘুম ছুটে গেছে জেল প্রশাসনের। সংক্রমিত সব বন্দিকেই সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, যেসব বন্দি এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে বেশির ভাগই মাদক সেবন করতেন। একসঙ্গে এতজন বন্দি এইচআইভি পজিটিভ হওয়ায় বাকি বন্দিদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জেল সূত্রে জানা গেছে।
সুশীলা তিওয়ারি হাসপাতালের চিকিৎসক পরমজিৎ সিংহ বলেন, ‘মাসে দুইবার জেলের বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হাসপাতাল থেকে তার জন্য একটি দলও গঠন করা হয়েছে, যাদের সামান্য সমস্যা, তাদের জেলের মধ্যেও ওষুধ দেওয়া হয়।
যাদের সমস্যা গুরুতর, তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তাদের জন্য অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টারও গড়ে তোলা হয়েছে হাসপাতালে।’
কিন্তু কিভাবে এই সংক্রমণ ছড়াল তা নিয়েই চিন্তা বাড়ছে জেল প্রশাসনের। তাই চিকিৎসার পাশাপাশি বন্দিদের মধ্যে এ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কাজও চলছে।
জেল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ২৩ জন এইচআইভি ভাইরাসে সংক্রমিত হন। মার্চেও ১৭ জন আক্রান্ত হয়েছেন। তবে তার আগে থেকেই ১৪ জন এই রোগে আক্রান্ত হয়েছিলেন।
এই জেলের বন্দি ধারণক্ষমতা যতটা, তার চেয়ে বেশিসংখ্যক বন্দি রয়েছেন। বর্তমানে এক হাজার ৬২৯ জন পুরুষ বন্দি এবং ৭০ জন নারী বন্দি রয়েছেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
জ/আ