‘নতুন দল গঠন করব’
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৪ এএম আপডেট: ১১.০২.২০২৩ ১১:৪৭ এএম

হিরো আলম একজন সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি। 

নানা কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন হিরো আলম এবার জানালেন নতুন স্বপ্নের কথা। 

বগুড়ার দুুইটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনার পর তিনি জানালেন আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন করবেন। 

দেশের মানুষকে নতুন কিছু দেয়ার জন্য দল গঠনের ইচ্ছার কথা জানান এই কনটেন্ট ক্রিয়েটর।

এর আগে ২০১৮ সালে হিরো আলম একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পুনরায় আলোচনায় আসেন। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে জার্মানিভিত্তিক গণমাধ্যম ‘ডয়চে ভেলে’র বাংলা বিভাগের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘রাজনীতির সংস্কৃতি ও হিরো আলম’ এক টকশোতে অংশ নিয়ে নিজের এমন ইচ্ছার কথা জানান আলোচিত-সমালোচিত এই ইউটিউবার। অনুষ্ঠানে আরেকজন আলোচক ছিলেন ব্যারিস্টার নিঝুম মজুমদার।

 অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক খালেদ মুহিউদ্দীন ইউটিউবার হিরো আলমের কাছে তার রাজনৈতিক লক্ষ্য এবং কোনো জোট বা দলে যোগ দেবেন কি না এমন প্রশ্ন করেন।

জবাবে হিরো আলম বলেন, ‘আমি সব সময় জনসেবা পছন্দ করি। সেই উদ্দেশ্য থেকেই রাজনীতি করা। ভোটের আগে বা পরে বড় কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেনি। তবে ছোট ছোট কিছু দল যোগাযোগ করেছিল আমার সঙ্গে। কোনো দলে যোগ দিব কি না, এখন পর্যন্ত ঠিক করিনি।’

নিজের কোনো রাজনৈতিক দল করার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘সবারই স্বপ্ন থাকে দল করার। কিন্তু আমি এখন পর্যন্ত একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। আমারও নতুন দল করার ইচ্ছা আছে।’

কেমন রাজনৈতিক দল করতে চান এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘আমি দল করলে নতুন কিছু নিয়ে আসব। কোনো হিংসা থাকবে না, বিবাদ থাকবে না, সুষ্ঠুমতো ভোট হবে। যার যাকে ভালো লাগবে, তাকে ভোট দিবেন। সমাজের জন্য কাজ করবেন।

সমাজ পাল্টাতে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে এমন মন্তব্য করে এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘সমাজ পাল্টাতে হবে যদি আমরা চাই। দলেরও কিছু পরিবর্তন আনতে হবে। আগের যেসব রাজনৈতিক দল আছে, সব একই রকমভাবে চলছে। যারা চালাচ্ছেন, একই রকমভাবে চালাচ্ছেন। যিনি ক্ষমতায় আছেন, তার বাবাও আছে, বাবা গেলে ছেলে আছে। তারা কিন্তু দলে আসন ছাড়ছেন না। এতে দলে এবং দেশে কোনো পরিবর্তন খুঁজে পাওয়া যাচ্ছে না। দেশের পরিবর্তন করতে গেলে নতুনদের পদ ছেড়ে দিতে হবে। পরিবর্তন আনার জন্য নতুনদের সুযোগ দিতে হবে।’

উল্লেখ্য, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে বগুড়ার বগুড়া-৬ (সদর) এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।  

হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুটো আসনেরই মনোনয়নপত্র সংগ্রহ করেন।  ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি অল্প ভোটের ব্যবধানে উভয় আসনে পরাজিত হন।

ভোটের পর হিরো আলম দাবি করেন জালিয়াতির মাধ্যমে তাকে ভোটে হারিয়ে দেয়া হয়েছে। সেজন্য ফলাফল পরিবর্তনের দাবি নিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই ইউটিউবার।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হিরো আলম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft