পাকিস্তান: উৎপাদন বন্ধের হুঁশিয়ারি ৪০ ওষুধ কোম্পানির
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৫ পিএম

পর্যাপ্ত কাঁচামালের অভাব ও ওষুধের দাম বৃদ্ধি না করায় উৎপাদন চালিয়ে যেতে পারছে না পাকিস্তানের ওষুধ কোম্পানিগুলো। চলমান সীমাবদ্ধতার কথা তুলে ধরে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে অক্ষমতার কথা জানিয়েছে দেশটির তিন ডজনেরও বেশি ওষুধ কোম্পানি।

যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে, দেশে যে ওষুধের ঘাটতি নেই- সেটি নিশ্চিত করবে সরকার।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ৪০টি ওষুধ কোম্পানি ড্রাগ রেগুলেটরি অথরিটি অব পাকিস্তানকে (ড্র্যাপ) জানিয়েছে, ওষুধের পর্যাপ্ত কাঁচামালের অভাবে আগামী এক সপ্তাহের মধ্যে তারা উৎপাদন বন্ধ করতে চলেছে। কোম্পানিগুলোর দাবি, ‘হার্ডশিপ ক্যাটাগরি’এর আওতায় বাড়ানোর বিষয়টিও আদালতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এই ক্যাটাগরির আওতায় উৎপাদন খরচ সর্বোচ্চ বিক্রয়মূল্যের চেয়ে বেশি হয়ে গেলে কোম্পানিগুলো দাম বাড়ানোর জন্য আদালতে আবেদন করতে পারে।

পাকিস্তান ফার্মাসিউটিক্যাল মেনুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন (পিপিএমএ) চেয়ারম্যান সাঈদ ফারুক বুখারী দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডনকে জানান, সবক্ষেত্রে ওষুধের দাম ২৮ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছে তাদের সংগঠন। দাম বৃদ্ধির পেছনে ডলারের দাম বৃদ্ধির কথা তুলে ধরেন তিনি।

সাঈদ ফারুক বলেন, ‘২০১৮ সালে এক ডলারের মূল্য ছিল ১৪০ রুপি। কিন্তু রুপির মান কমার কারণে এক ডলারের মূল্য দাঁড়িয়েছে ২৭০ রুপিতে। এর ফলে ৪০টি ওষুধ কোম্পানি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ড্র্যাপের কাছে লিখিত চিঠিতে জানিয়েছে, এক সপ্তাহ পর তারা আর উৎপাদন কার্যক্রম চালিয়ে নিতে পারবে না।’

ওষুধ কোম্পানি ফার্মা ব্যুরোর এক্সিকিউটিভ ডিরেক্টর আয়েশা তাম্মি হক ডনকে জানান, কোম্পানিগুলো মারাত্মক ডলার সংকটে ভুগছে। দুর্ভাগ্যের বিষয় যে গাড়ি আমদানির জন্য সরকারের কাছে ডলার রয়েছে কিন্তু এলসি খোলা হচ্ছে না। কন্টেইনারগুলো খালাস করা হচ্ছে না। আমাদের কাঁচামাল শেষ হয়ে গেছে।  এ ছাড়া ডলারের বিপরীতে রুপির ব্যাপক দরপতন হয়েছে। প্রতি ডলারে এক মাসেই ৬০ রুপি কমেছে।

এমন পরিস্থিতিতে বিপর্যয় এড়াতে ওষুধ কোম্পানিগুলোর চিঠিতে বলা হয়, ওষুধ শিল্প বারবার সরকার ও ড্র্যাপকে ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্যে মুদ্রাস্ফীতি সমন্বয় করে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আর সেটি না করা হলে পাকিস্তানে ওষুধ শিল্পের অনিবার্য পতন ঘটবে।


-জ/অ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft