এইচএসসি’র ফল প্রকাশ: কমেছে পাসের হার ও জিপিএ ৫
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৭ পিএম আপডেট: ০৮.০২.২০২৩ ১:৫৫ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফলাফল প্রকাশ করেন। এবার পরীক্ষায় পাস করেছে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে কম্পিউটারের বাটন চেপে প্রধানমন্ত্রী এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। 

এর আগে বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তাস্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

দীর্ঘ অপেক্ষার পর দ্বাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার পর্যায়ে পা রাখতে যাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ ৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৭.৪২ শতাংশ।

এর আগে ২০২১ সালের এইচএসসি পরীক্ষাও মহামারীর কারণে বিলম্বিত হয়েছিল। সেবারও বিষয় কমিয়ে, সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়। তাতে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করে। জিপিএ-৫ পায় এক লাখ ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

এই হিসাবে ২০২২ সালের পরীক্ষায় পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন। 

২০২০ সালে মহামারীর কারণে পরীক্ষা হয়নি। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে মূল্যায়নে সবাই পাস করে, জিপিএ-৫ পায় এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।

আর মহামারী শুরুর আগে ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় সার্বিকভাবে পাস করে ৭৩ দশমিক ৯৩ শতাংশ শিক্ষার্থী। তাদের মধ্যে মোট ৪৭ হাজার ২৮৬ জন শিক্ষার্থী পাঁচে পাঁচ জিপিএ পায়।

পাসের হার সর্বোচ্চ কারিগরি শিক্ষাবোর্ডে, সর্বনিম্ন দিনাজপুরে
 সর্বোচ্চ পাসের হার কারিগরি শিক্ষাবোর্ডে ও সর্বনিম্ন দিনাজপুর বোর্ডে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, কুমিল্লায় ৯০ দশমিক ৭২ শতাংশ, দিনাজপুরে ৭৯ দশমিক ০৮ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ, ময়মনসিংহ ৮০ দশমিক ৩২ শতাংশ ও যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৯৪ দশমিক ৪১ শতাংশ।  

যেভাবে জানা যাবে ফলাফল
প্রার্থীরা অনলাইনে বা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ—HSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।

এ ছাড়া, http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করে পৃথক ফলাফল শিট ডাউনলোডও করা যাবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য https://dhakaeducationboard.gov.bd/ ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  এইচএসসি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft