
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এছাড়াও জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন ওয়ালটন মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের ব্যক্তিগত অফিসের সামনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৭টার পর সদ্য বিজয়ী এমপি আব্দুল ওদুদের ওয়ালটন মোড়ের নাহালা ভবনের ব্যক্তিগত অফিসের সামনে এমপিকে গালিগালাজ করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. আতিউর রহমান ও সদর থানার ওসি আলমগীর জাহান।
এ বিষয়ে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, রাত ৭টার পর নাহালা ভবনের আমার ব্যক্তিগত অফিস থেকে বের হচ্ছিলাম।
এসময় এমপি নির্বাচিত হওয়ায় আমাকে শুভেচ্ছা জানাতে আসা লোকজন ও আমার গাড়িতে উঠতে গিয়ে রাস্তায় কিছুটা জনসমাগম হয়।
এতে ক্ষিপ্ত হয়ে পৌর কৃষকলীগের সহ-সভাপতি মেসবাউল হক টুটুল ও জেলা শহরের মসজিদপাড়ার ইব্রাহিম নামে দুইজন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
তিনি আরও বলেন, গালিগালাজ শুনে আমার ব্যক্তিগত অফিসের সামনে থাকা দলীয় নেতাকর্মীরা তাদেরকে প্রতিবাদ করে।
এসময় কথা কাটাকাটি হলে তারা পালিয়ে যায়। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয় ও আমার ব্যক্তিগত অফিসের মাঝামাঝি জায়গায় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়।
ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনী পদক্ষেপ নেয়ার বিষয়ে তিনি বলেন, একজন সদ্য নির্বাচিত এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অফিসের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা না করলে আইন-শৃঙ্খলা বাহিনী এর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে আমার আর কি করার থাকে।
এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জানান।
ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত ০৫ ডিসেম্বর রাত ১০টার দিকে জেলা শহরের পুরাতন জেলখানা মোড়স্থ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দ্বোতলার কাঁচ ভেঙ্গে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জ/আ