৩ মাসের শিশুর শরীরে ৫১ বার গরম রডের ছ্যাঁকা, অতঃপর...
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২১ পিএম

ভারতের মধ্যপ্রদেশের শাহদোল জেলায় তিন মাস বয়সী শিশুর শরীরে ৫১ বার গরম লোহার রডের ছ্যাঁকা দিয়ে চিকিৎসা করেন এক হাতুড়ে ডাক্তার।
পুলিশ জানিয়েছে, শাহদোল মেডিকেল কলেজ হাসপাতালে নিউমোনিয়ার চিকিৎসার সময় ওই শিশুর মৃত্যু হয়।
একজন ‘হিলার’ ওই শিশুর শরীরে ৫১ বার গরম রড দিয়ে ছ্যাঁকা দিয়েছিল বলেও জানায় পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস’র।
শিশুটির মা রোশনি কোল বলেন, এতবার ছ্যাঁকা দেয়ার পর তার মেয়েকে একটি প্রাইমারি হেলথ সেন্টারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও তার সন্তানের অবস্থার উন্নতি হয়নি।
তিনি আরও বলেন, তার সন্তানকে এমন চিকিৎসা দেয়ার বিরোধিতা করেছিলেন তিনি। কিন্তু তার পরিবার জানায়, শিশুটি সুস্থ হওয়ার এটাই এক মাত্র উপায়।
এদিকে ওই শিশুটির অবস্থা খারাপ হলে তাকে শাহদোল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে শিশুটির মৃত্যু হয়।
শাহদোলের কালেক্টর বন্দনা বৈদ্য বলেছেন, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। চিকিৎসা দেরিতে শুরু করায় তার অবস্থার অবনতি ঘটে। আমরা ঘটনার তদন্ত করছি। ওই হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
জ/আ