
ভারত সরকারের মালিকানাধীন বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এখন সুন্দরবনে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দরে আসবে ‘গঙ্গা বিলাস’।
বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়বে বিলাসবহুল পাঁচ তারকা মানের এ জাহাজ।
শুক্রবার বেলা সাড়ে ১২ টা সময় সুন্দরবনের নৌ সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে।
বাংলাদেশের সুন্দরবনের নৌপথ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টিম ইতোমধ্যে বঙ্গোপসাগর সীমান্তে অবস্থান করছে।
গত ১৩ জানুয়ারি ভারতের বানারসি বন্দর এলাকা থেকে প্রমোদতরীটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোংলা বন্দর জেটিতে প্রমোদতরী ও বিদেশী পর্যটকদের স্বাগত জানাতে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী, ভারতীয় হাই কমিশনার ও মোংলা বন্দর চেয়ারম্যান সহ পদস্থ কর্মকর্তারা অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় ও মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় বিদেশি পর্যটকবাহী 'গঙ্গা বিলাস' সুন্দরবনের আংটিহারায় প্রবেশের পর ইমিগ্রেশন প্রক্রিয়া শুরু হয়।
এরপর প্রমোদতরীটি সুন্দরবনের অভ্যন্তরে অবস্থান করছে। শনিবার এটির মোংলা বন্দর জেটিতে আসার কথা রয়েছে।
বাংলাদেশে অবস্থানকালে 'গঙ্গা বিলাস' খুলনা জেলার কয়রার আংটিহারা হয়ে ম্যানগ্রোভ সুন্দরবনে প্রবেশ করে মোংলা বন্দরে আসবে।
এরপর ষাটগুম্বজ মসজিদ সহ ঐতিহ্যবাহী কয়েকটি স্থান ঘুরে দেখার কথা রয়েছে পর্যটকদের।
পরে নৌপথে বরিশাল হয়ে মেঘনা ঘাটে অবস্থান করে সোনারগাঁও ও ঢাকায় ভ্রমণ করবেন প্রমোদতরী গঙ্গা বিলাসের পর্যটকরা।
পরবর্তীতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে কুড়িগ্রামের চিলমারী, রংপুরের দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ থাকছে তাদের।
ভারতে প্রবেশ করবে চিলমারী থেকে। আগামী ১৩ মার্চ গঙ্গা বিলাস আসামের ডিব্রুগড় থেকে একই পথে ফেরার কথা রয়েছে।
জ/আ