বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
মোঃ সাইফুল ইসলাম, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২৮ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড সংলগ্ন সালওয়া টেক্সটাইল এলাকায় বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক হৃদয়খান (২৩) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বহড়াবাড়ি তালুকনগর এলাকার মজলিস খানের ছেলে।
ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে দশটার দিকে পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের সাথে মানিকগঞ্জ গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সময় মোটরসাইকেলটি বাসের ভিতরে ইঞ্জিনের সাথে ঢুকে যায়। ঘটনাস্থলেই মারা যান হৃদয়খান। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।