টাইটানিক'র জ্যাকের বেঁচে থাকা উচিৎ ছিল: পরিচালক
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৯ পিএম

২৫ বছর ধরে বহু আলোচনা, বহু বিতর্ক হয়েছে এ নিয়ে। অনেকেই বলেছেন, জ্যাক ডসন (লিওনার্দো ডিক্যাপ্রিও) চরিত্রের প্রতি অকারণ নির্মম হয়েছেন ‘টাইটানিক’ নির্মাতা জেমস ক্যামেরন।

অধিকাংশের দাবি, জ্যাককে লড়াইটুকু করার সুযোগ দেয়া হয়নি। নিবেদিত প্রাণ সেই যুবক চরিত্রকে যেন বলি হওয়ার জন্যই তৈরি করেছিলেন পরিচালক। 

অভিযোগ শুনেও এত দিন মুখ খোলেননি ক্যামেরন। এত বছর পর, জীবনসায়াহ্নে এসে, তাঁরও হয়তো আফসোস দেখা দিল।

অ্যাভাটর-২-এর মুক্তি এবং বিপুল জনপ্রিয়তার পর ক্যামেরন শেষমেশ অতীতবীক্ষণের পথে হাঁটলেন। 

এক অনুষ্ঠানে স্বীকার করলেন, “সে রাতে জ্যাক প্রাণে বেঁচে যেতে পারত। সামুদ্রিক দুর্ঘটনার মোকাবিলা করা যেত হয়তো। রোজ় (কেট উইন্সলেট) যে ভাঙা দরজার পাল্লায় ভর দিয়ে সমুদ্রে ভাসছিলেন, তার উপর চড়লেই যে জ্যাক বেঁচে যেত, তা নয়। অন্য উপায় ছিল।”

নতুন তথ্যচিত্রেই এই ভাবনাকে ঠাঁই দিয়েছেন ক্যামেরন। ন্যাশনাল জিওগ্রাফির সঙ্গে চুক্তিবদ্ধ ‘টাইটানিক: ২৫ ইয়ারস লেটার উইথ জেমস ক্যামেরন’-এ পুরনো বিতর্কটিই বিজ্ঞানসম্মত উপায়ে পুনর্বিবেচনা করেছেন। 

বিজ্ঞানীদের একটি দল এবং দু’জন স্টান্ট পারফর্মারের সঙ্গে কাজ করে, ক্যামেরন টাইটানিক ডুবে যাওয়ার রাতে কী কী হতে পারত সেই সম্ভাবনা খতিয়ে দেখেছেন। 

জাহাজ যাত্রাকালীন প্রেমে পড়া জ্যাক এবং রোজ় কী অবস্থার মধ্য দিয়ে গিয়েছিলেন, সেই সঙ্গে তাঁরা যে সমাধানগুলি চেষ্টা করতে পারতেন তা পুনরায় তৈরি করার জন্য নিরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন ক্যামেরন।

কী পাওয়া গিয়েছে গবেষণায়? দেখা যায়, রোজ় এবং জ্যাক যদি দু’জনেই সেই দরজায় ভর দিয়ে শরীরের উপরের অংশ ভাসিয়ে রাখতেন এবং রোজ় যদি তার লাইফ জ্যাকেট দিয়ে জ্যাককে উষ্ণ রাখতে সাহায্য করত তা হলে জ্যাকের বেঁচে থাকার সুযোগ ছিল।

 জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  টাইটানিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft