প্রকাশ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৭:৪৯ পিএম আপডেট: ১২.০৮.২০২২ ৮:০৪ পিএম

পাবনার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সাঁথিয়ার ইউএনওসহ ৫ জনের বিরুদ্ধে পাবনা জেলা জজ আদালতে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন ক্ষেতুপাড়া গ্রামের আব্দুল হামিদসহ তার ৪ ভাই ও এক বোন ।
অভিযোগ সূত্রে জানাযায়, সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া মৌজার ৪৩৭৫ আরএস দাগ নং এ ১.৪১ একর ফসলী জমির উপর মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য ঘর নির্মান করেন সাঁথিয়া উপজেলা প্রশাসন। বাদীগণ আদালতে গত ১৪ ডিসেম্বর ২১ তারিখে জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে আদালত বিবাদী গণের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। যা ১৯ ডিসেম্বর ২১ তারিখে বিবাদীগণ পান। বিবাদীগণ আদালতে উপস্থিত হয়ে আপত্তি দাখিল না করে নালিশী ভূমিতে দালানঘর নির্মান করার জন্য ইট বালু আনেন।
পরে বাদী ২২ সালের ২৩ জানুয়ারি আদালতে দেওয়ানী কার্যবিধি আইনে ১৫১ ধারা মোতাবেক অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আবেদন করেন। আদালত উভয় পক্ষের নালিশী ভূমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন। আদালতের স্থিতিবস্থার নির্দেশ অমান্য করে বিবাদীগণ ৩ ফেব্্রুয়ারী থেকে নালিশী জমিতে ভূমিহীনদের টিনসেড ঘর জোর পূর্বক নির্মান করেন।
বাদীগণ ৭ মার্চ আদালতে স্থিতিবস্থার আদেশ স্থায়ী করণের আবেদন করেন। আদালত নিষেধাজ্ঞার দরখাস্ত নিষ্পত্তিকাল পর্যন্ত উভয় পক্ষকে নালিশী ভূমিতে স্থিতিবস্থার আদেশ বর্ধিতকরণের আদেশ প্রদান করে। বাদীর বিবরণে আরো জানা যায়, গত ১৭ এপ্রিল ৪নং বিবাদী সাঁথিয়া সাব-রেজিস্ট্রির অফিসে রেজিস্ট্রিকৃত ৩৫২২ নং কবুলিয়ত দলিল নান্নুমিয়া দিং বরাবর রেজিস্ট্রি করে দেন। কবুলিয়ত দলিল ছাড়াও ১৬ খন্ড (টি) কবুলিয়ত দলিল গত ১৭ মার্চ রেজিস্ট্রি করে আদালতের স্থিতিবস্থার আদেশ অমান্য করেন।
আদালতের আদেশ অমান্য করায় ১১ আগস্ট বৃহষ্পতিবার পাবনা জেলা যুগ্ম জজ আদালতে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল আক্তার, সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (সাবেক) এসএম জামাল আহমেদ, সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মনিরুজ্জামান ও ক্ষেতুপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাউল করিম লাভলুর বিরুদ্ধে দেওয়ানী কার্যবিধী আইনের ৩৯ আদেশের ২(৩) নং বিধি মোতাবেক আদালত অবমাননা মামলা করেন মোঃ হামিদ, মোঃ শাহজাহান আলী, মোঃ বাবর হোসেন, মোঃ টিপু হোসেন, মোঃ দিদার হোসেন ও মোছাঃ শামসুন্নাহার সর্বপিতা মরহুম তোরাব আলী। যার নং ৬/২২। মামলার ধার্য তারিখ ১ সেপ্টেম্বর।