
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ার হোসেনকে এক শিক্ষক দ্বারা ফকিরনীর বাচ্চা বলে গালাগাল ও তার চাকুরি খাওয়ার হুমকী প্রদানের সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক-ডাক্তারের মধ্যে পাল্টা-পাল্টি প্রতিবাদ কর্মসূচী পালন হয়েছে।
একজন ডাক্তারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী করার প্রতিবাদ ও ঘটনার বিষয়টি স্বচ্ছভাবে জন সম্মূখে তুলে ধরার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার, কর্মচারীরা বুধবার সন্ধ্যার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এসএম নাঈম, ডাক্তার বায়েজিদ হাসান, ডাক্তার আনোয়ার হোসেন, ডাক্তার নাজমীন হোসেন, ডাক্তার সরকার নুসরাত, ডাক্তার আফ্ফিকাসহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও কর্মচারীরা।
ব্রিফিংকালে ডাক্তাররা জানান, আমরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষের সুষ্ঠু সেবা দেয়ার কাজ করছি। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আস্থা হারানোর সুযোগ নেই। ডাক্তারের বিরুদ্ধে শিক্ষকের মানববন্ধন আমরা আশা করিনি।
এই পরিস্থিতি আমরা অফিসিয়ালভাবে মোকাবেলা করবো। এখানে মানুষের স্বাস্থ্য সেবা বিঘ্নিত হবে এমন কোনো কর্মসূচী আমরা দিবো না। প্রতিদিনের মতো স্বাস্থ্য সেবা অব্যাহত থাকবে।
এ প্রসঙ্গে ডাক্তার আনোয়ার হোসেন জানান, আমি ফুলবাড়ী উপজেলাবাসীকে আমি সুষ্ঠু স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছি। গত ৭ আগস্ট রাতে আমার চেম্বারে দুই ব্যক্তি আসে। তারা অনুমতি না নিয়েই চেম্বারের রোগীর বিছানায় বসে পড়ে।
আমি তাদের এ অবস্থায় দেখে আপনারা কে? প্রশ্ন করলে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। আমিও তাদেও এ আচরণের মৌখিক প্রতিবাদ করলে তারা নিজেদের শিক্ষক পরিচয় দিয়ে আমাকে ফকিরনীর বাচ্চা বলে গালাগালসহ নানা অকাথ্য ভাষায় গালাগাল করে।
আমার চাকুরী খাওয়ার হুমকী প্রদান করে। আমি তাদের এই অসভ্য আচরণে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারতাম কিন্তু তা নেয়নি, তারা শিক্ষক বলে। অথচ ওই ব্যক্তিরা উল্টো আমার বিরুদ্ধে শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আমি তাদের মিথ্যে অভিযোগের এই মানববন্ধনের প্রতিবাদ জানাচ্ছি।
এদিকে একজন ভালোমানের ডাক্তারের বিরুদ্ধে দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিমূল্লাহ সেলিম ইস্যুতে শিক্ষকদের আকষ্মিক মানববন্ধন কর্মসূচী পালন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।
অসংখ্য ফেসবুক ব্যবহারকারী মানুষ ডাক্তার আনোয়ারের পক্ষ নিয়ে ফুলবাড়ী উপজেলাবাসীকে সুষ্ঠু স্বাস্থ্য সেবা প্রদানের সন্তুষ্টি প্রকাশ করে মানবন্ধনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
তারা জানিয়েছেন, ডাক্তার আনোয়ার ইচ্ছে করলে বড় কোনো স্থানে প্রাক্টিস করে পয়সা কামাতে পারতেন। কিন্তু তিনি তা না করে নিজ এলাকায় সুষ্ঠু স্বাস্থ্য সেবা প্রদান করছেন। তার বিরুদ্ধে মানববন্ধন মেনে নেয়া যায়না। আমরা ফুলবাড়ী উপজেলার বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য ডাক্তার আনোয়ারকে ও তার মতো ভালো মানের আরও ডাক্তার চাই। ডাক্তার আনোয়ার ফুলবাড়ীর গর্ব।