প্রকাশ: রোববার, ২৪ জুলাই, ২০২২, ৬:২৫ পিএম

ক্রিকেটার সাকিব আল হাসান বেআইনিভাবে চুক্তি ভঙ্গ করে ব্র্যান্ড ইমেজ ও ছবি ব্যবহার করার অভিযোগে বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। নোটিশে দুই প্রতিষ্ঠানের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।
সাকিব আল হাসানের পক্ষে রোববার (২৪ জুলাই) ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠান।
ব্যারিস্টার আশরাফুল হাদী গনমাধ্যমকে বলেন, সাকিব আল হাসান বাংলাদেশ ও বিশ্বের স্বনামধন্য ক্রিকেটার। তার ব্র্যান্ড ইমেজ নিজেদের ব্যবসায়িক কাজে সীমিত ব্যবহারের জন্য বাংলালিংক ২০১৪ সালের ২১ জানুয়ারি একটি চুক্তি করে। চুক্তির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ২০ জানুয়ারি। চুক্তির শর্ত ছিল মেয়াদ শেষ হলে বাংলালিংক সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড ইমেজ, তার স্বাক্ষর সম্বলিত ছবির ব্যবহার আর করবে না। তারপরও বাংলালিংক চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে যমুনা ব্যাংকের এটিএম বুথসহ আরো অন্যান্য জায়গায় সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ইমেজ অ্যাডভারটাইজমেন্ট প্রচার করছে।
সাকিব আল হাসানের আইনজীবী আরও বলেন, এ ধরনের বেআইনি কাজে বাংলালিংক ও যমুনা ব্যাংকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এটি চুক্তিভঙ্গ ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ধারা ২৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা ৪৪, কপিরাইট আইন ২০০০-এর ধারা ৮২, দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৪০৬, ৪২০-এর লঙ্ঘন।
নোটিশে ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে। এছাড়া সাকিব আল হাসানের ছবি ও ব্র্যান্ড, তার স্বাক্ষর সম্বলিত সব ধরনের ছবি ব্যবহার করে বেআইনি বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকা এবং বাজার থেকে তা প্রত্যাহার করার কথা বলা হয়েছে।
এসময় নোটিশে উল্লেখ করা হয়েছে, সাতদিনের মধ্যে নোটিশের বিষয়ে পদক্ষেপ না নিলে বাংলালিংক ও যমুনা ব্যাংকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
-জ/অ