প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ২:৫৮ পিএম আপডেট: ২১.০৭.২০২২ ৮:০৭ পিএম

শ্রীলঙ্কার জনগনের চলমান বিক্ষোভের মধ্যে অষ্টম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার পার্লামেন্ট ভবনের বাইরে কঠোর নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে ৭৩ বছর বয়সী রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বলে বিবিসি জানায়।

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সরকারের প্রধানমন্ত্রী ছিলেন রনিল বিক্রমাসিংহে। একারণে বরাবরই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটির বিক্ষোভাকারীরা। তবে বিক্ষোভকারীদের একাংশ বলছেন, রনিলকে একবার সুযোগ দিতে চান তারা।

গতকাল বুধবার শ্রীলঙ্কার পার্লামেন্টে ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। রনিল তাঁর প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মোট ভোটের চেয়ে ৪৯ ভোট বেশি পান। পার্লামেন্টে ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও বিক্রমাসিংহে তাঁর দেশের সাধারণ জনগণের কাছে রাজাপক্ষে পরিবারের অনুগত বলে বিবেচিত।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় রাজাপাকসেদের সরকার উৎখাতে রাজপথে নামেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে গদি ছাড়তে বাধ্য হন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদে থাকা দুই ভাই গোতাবায়া ও মাহিন্দা রাজাপক্ষে। গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালান মালদ্বীপ হয়ে সিঙ্গাপুর। এরপর প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন রনিল।

গতকাল পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রাজধানী কলম্বোয় একটি বৌদ্ধমন্দিরে প্রার্থনা শেষে বিক্ষোভকারীদের উদ্দেশে রনিল বিক্রমাসিংহে বলেন, ‘তোমরা যদি সরকার উৎখাতের চেষ্টা করো, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে রাখো, তবে তা গণতন্ত্র নয়। এগুলো আইনের পরিপন্থী কাজ।’


-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft